
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 April 2024 00:26
দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে রবিবার রাতেই সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার কথা জানার পরই তিনি সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছিলেন। প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে জানান, নির্বাচনী আদর্শ বিধি অনুসরণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার। পরে জানা যায়, তিনি নিজেই জলপাইগুড়ি যাবেন। সেই মতো বিশেষ বিমানে সেখানে গেলেন মমতা।
রবিবার রাতে বাগডোগরা পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ''আমি এখন জলপাইগুড়ি সদরে যাব। অল্প সময়ের জন্য বড় ঝড় এসেছিল। ক্ষতি আলিপুরদুয়ার, কোচবিহারেও হয়েছে। কিন্তু জলপাইগুড়িতে ৫ জন মারা গেছে।'' সূত্রে খবর, ঝড়ে আহতদের দেখতে রাতেই মমতা জলপাইগুড়ি মেডিক্যাল হাসপাতালে যাচ্ছেন। তার আগে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এবং মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। ময়নাগুড়িতে ৫০০ গ্রাম ওজনের শিল পড়েছে বলে দাবি এলাকাবাসীদের। মাত্র কিছুক্ষণের ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে জানান, নির্বাচনী আদর্শ বিধি অনুসরণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার।
রবিবার বেলা সাড়ে ৩ টে নাগাদ জলপাইগুড়ি জেলায় ব্যাপক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে প্রাথমিকভাবে ৪ জনের মৃত্যু হয়েছিল বলে খবর। বাগডোগরা পৌঁছে মুখ্যমন্ত্রী জানান, ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি জানা গেছে, আহতের সংখ্যা অন্তত ২০০।
ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের দেখতে সোমবার বিকেলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।