
শেষ আপডেট: 20 February 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে জেলায় জেলায় আধার কার্ড বাতিলের ঘটনায় ইতিমধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই প্রক্রিয়া কেন্দ্র আপাতত স্থগিত রাখলেও ধোঁয়াশা পুরোপুরি কাটেনি। এই অবস্থায় রাজ্যের মানুষকে ভরসা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছিলেন, রাজ্য সরকার আধার সমস্যা কাটাতে নিজস্ব পোর্টাল শুরু করছে। কথা মতো কাজ।
মঙ্গলবার থেকে রাজ্যের নতুন পোর্টাল শুরু হয়ে গেল। সেই ওয়েবসাইটের অ্যাড্রেস হল— https://rajyeraadharsamasyar.in/
গত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্তে বেশ কিছু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মমতার অভিযোগ, পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় এমন ঘটনা ঘটছে। ভোটের আগে এইভাবে আধার কার্ড বাতিল করে এনআরসির চক্রান্ত করছে মোদী সরকার। কিন্তু তা তিনি হতে দেবেন না। সেই কারণে আমজনতার আধার সমস্যা মেটাতেই এই নতুন পোর্টাল চালু করল সরকার। সোমবারই আধার ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রবিবার সিউড়ির জনসভায় উপস্থিত মুখ্যসচিব বিপি গোপালিককে আধার নিয়ে সাধারণ মানুষের অভিযোগ জানানোর মঞ্চ হিসেবে একটি পোর্টাল তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যাঁদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এই পোর্টালে গিয়ে তাঁরা অভিযোগ জানাতে পারবেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যাঁদের আধার বাতিল হয়েছে তাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য। ব্যাঙ্ক বা অন্য কাজে কারও কোনও সমস্যা হবে না। মিলবে সরকারি পরিষেবাও।’’ মঙ্গলবার থেকে সেই পোর্টালই চালু হল।
বিজেপি শিবির অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে আক্রমণ করেছেন। তাঁর কথায়, আধারের বিকল্প কার্ডের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক কাজ করেছেন। এই ধরনের ঘোষণায় জনগণ শুধু বিভ্রান্ত হচ্ছেন। কারণ কোনও কার্ড ডিঅ্যাক্টিভেট হয়নি। এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করে তিনিও চিঠি লিখেছেন তাঁকে।