
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 21 January 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: সরকারি কাজে স্বচ্ছতা আনতে এবার থেকে বিডিওদের সপ্তাহে একদিন গ্রামে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলার দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থও। সোমবার রাতে মালদহে পৌঁছে মঙ্গলবার ভোরেই মালদহ মেডিক্যাল কলেজ -সহ জেলার একাধিক সরকারি জায়গা পরিদর্শন করেছেন মুখ্যসচিব।
মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে একথা উল্লেখ করে মুখ্যমন্ত্র্রী বলেন, "বিডিওদের বলছি, মুখ্য সচিবকে দেখে শিখুন। কীভাবে মানুষের কাছে পৌঁছতে হয়।"
খানিক থেমে মমতা জানিয়ে দেন, শুধু বিডিওদের বলছি তা নয়, এটা সরকারি আধিকারিক থেকে জন প্রতিনিধি সকলের জন্য। মানুষের পরিষেবা নিশ্চিত করতে সকলকে যেতে হবে মানুষের কাছে।
কেন্দ্রের বঞ্চনা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র আমাদের ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা দেয়নি। কোথা থেকে কাজ করব? তার মধ্যেও আমাদের কাজ থেমে থাকেনি। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী -সহ সব প্রকল্পের কাজ চলছে।
জেলা প্রশাসনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত করব না। মানুষের পরিষেবায় যেন কোনও সমস্যা না হয়। মানুষ কাজে গেলে ভাল ব্যবহার করুন। মানুষ যেন সরকারি পরিষেবার সুযোগ পান, এটা দেখতে হবে।"
এদিন মালদহর প্রশাসনিক মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী। মিটিং শেষে এখান থেকেই কোচবিহারের উদ্দেশে রওনা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
সোমবার বিকেলেই মুর্শিদাবাদ সফর শেষে মালদহে পৌঁছন রাজ্যের প্রশাসনিক প্রধান। সন্ধেই যান নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়ি। দেখা করেন তাঁর স্ত্রী চৈতালির সঙ্গে। অপরাধীদের কাউকে রেয়াত না করার আশ্বাস দেন।