দ্য ওয়াল ব্যুরো : কয়েক মাস আগেই জঙ্গি জইশ ই মহম্মদের নেতা মৌলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উল্লেখ করলেন সেই প্রসঙ্গ। তিনি ভাষণে বলেন, সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের পাশে দাঁড়িয়েছে সারা বিশ্ব। সেজন্য মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা সম্ভব হয়েছে।
তাঁর কথায়, সন্ত্রাসবাদের প্রশ্নে সারা বিশ্ব আজ ভারতের পাশে দাঁড়িয়েছে। আমাদের মাটিতে কাপুরুষের মতো হামলা চালিয়েছিল মাসুদ আজহার। তাকে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে। সারা বিশ্ব যে আমাদের পাশে আছে, এ হল তারই বড় প্রমাণ।
চিনের আপত্তির জন্য আগে চারবার মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য ছিল, মাসুদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই। গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পরে জইশ ই মহম্মদ দায় স্বীকার করে। তার পরে বেজিং অবস্থান বদলায়। মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা সম্ভব হয়। রাষ্ট্রপতি এদিন সেকথাই উল্লেখ করেছেন।
এর পাশাপাশি রাষ্ট্রপতি বলেন, ভারতের মানুষ লোকসভা ভোটে ‘নির্দিষ্ট রায়’ দিয়েছেন। ২০১৪ সালে দেশ উন্নয়নের পথে যাত্রা শুরু করেছিল। মানুষ চান, সেই যাত্রা যেন না থামে। বরং তা দ্রুততর হয়। পরে রাষ্ট্রপতি বলেন, নরেন্দ্র মোদীর সরকার শক্তিশালী ও নিরাপদ দেশ গড়ে তুলতে চায়।