
শেষ আপডেট: 4 January 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্কুলের পাশে বোমা ফেটে মৃত্যু হল ক্লাস টুর ছাত্রর। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের দৌলতাবাদের চোঁয়াডাঙা গ্রামে। সেখানের প্রাইমারি স্কুলে পড়ে ওই ছাত্র।
জানা গেছে, এদিন স্কুলের গেছিল ওই ছাত্র। দুপুরে মিড ডে মিল খাওয়ার পরেই স্কুলের পাশের মাঠে খেলা করছিল সে। সেই সময় সুতোলি জড়ানোর একটি গোলাকার বস্তু পড়ে থাকতে দেখে। মাটি থেকে কুড়িয়ে সেটি হাতে নেয় সে। এরপরে খেলার ছলে একটি ঘরের দেওয়ালে ছুড়ে মারে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রক্তাক্ত অবস্থায় মাঠেই লুটিয়ে পড়ে ক্লাস টুর ওই ছাত্র।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখেন, মারাত্মক জখম অবস্থায় ওই ছাত্র সেখানে পড়ে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। পুলিশ গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ছাত্রকে পরীক্ষা করার পরে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্কুলের সামনে ওই মাঠে কে বা কারা বোমা ফেলে রেখেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।