
শেষ আপডেট: 5 October 2023 14:55
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: সাইকেল চালিয়ে টিউশন পড়তে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে উত্তেজনা ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের নাম দেব দে। বছর ১৪-র দেবের বাড়ি তেঁতুলিমুড়ি গ্রামে। মদনমোহনপুর হাইস্কুলের ক্লাস নাইনের ছাত্র। সে সাইকেল চালিয়ে মির্জাপুরে টিউশন পড়তে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। সেই সময় বিষ্ণুপুর-আরামবাগে ২ নম্বর রাস্তা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছিল সেই পড়ুয়া। আচমকা তাকে ধাক্কা মারে একটি স্কুল বাস। সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই ছাত্র। মাথা ফেটে যায় তার। জখম ওই ছাত্রের পেটের উপর দিয়েই স্কুল বাসটি চলে যায়।
এই ঘটনা দেখে শিউড়ে উঠেছিলেন অনেকেই। তাঁরাই পুলিশে খবর দেন। এরপরে পুলিশ গিয়ে ওই ছাত্রকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেখানে ডাক্তারবাবুর ছাত্রকে পরীক্ষা করে দেখার পর মৃত বলে ঘোষণা করেন।
মৃতের বাড়িতে খবর পৌঁছতেই কান্নার রোল ওঠে। ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পাড়া। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক স্কুল বাসটিকে চিহ্নিত করতে রাস্তার মোড়ের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।