
শেষ আপডেট: 28 February 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ ওই শিক্ষক, ছাত্রীর মুখ বন্ধ রাখতে, তার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর হুমকিও দিচ্ছিলেন। ঘটনার কথা জানতে পেরে গৃহশিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানাতে গেছিলেন ছাত্রীর বাবা মা। তাঁরা অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ছাত্রীর অভিভাবকদের দাবি, অভিযুক্ত তাঁদের খুনের হুমকি দিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দোলরডাঙা গ্রামে। ক্লাস ফাইভের এক ছাত্রী তার বাড়িতে পড়তে যেত। সেখানে আরও অনেক ছেলে-মেয়েরাও পড়তে যায়।
ছাত্রীর মায়ের অভিযোগ, "গত ২৪ ফেব্রুয়ারি মেয়ে ওই শিক্ষকের বাড়িতে পড়তে গেছিল। ওই দিন পড়ানো থামিয়ে হঠাৎই ওই শিক্ষক বাকি ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে বের করে দেয়। শুধু তাঁর মেয়েকেই ঘরে বন্ধ করে রাখে। ওই সময়ে মেয়ের শ্লীলতাহানি করে। এরপরে ওই মেয়েকে নগ্ন করে মোবাইলে ছবি তুলে রাখে। মেয়ে প্রতিবাদ করলে সেই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এমনকী পুলিশে জানালে মেয়েকে প্রাণে মারার হুমকি দিয়েছিল।"
নাবালিকার পরিবারের দাবি, ওই দিন প্রচণ্ড আতঙ্কিত হয়ে বাড়ি ফিরেছিল তাঁদের মেয়ে। জিজ্ঞেস করলে কিছুই বলতে চায়নি। একদিন বাদে সে অভিযুক্ত শিক্ষকের কুকীর্তির কথা বাড়ির সকলকে বলে দেয়। এই ঘটনা শুনে তাঁরা ২৬ ফেব্রুয়ারি সন্ধেয় থানায় গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে থানা গিয়ে তার নামে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে শুনে এলাকা থেকে বেপাত্তা হয়ে গেছে অভিযুক্ত। তাতে আতঙ্কিত হয়ে পড়েছে নাবালিকার পরিবার।
জেলার পুলিশ সুপার আমনদ্বীপ জানিয়েছেন, গোপন জবানবন্দি পেশের জন্য নাবালিকাকে বর্ধমান আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করানো হয়েছিল। নাবালিকার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।