
সিবিআই-এর চিঠি হাতে পুরপ্রধান
শেষ আপডেট: 23 September 2024 22:23
দ্য ওয়াল ব্যুরো: কোন্নগর পুরসভায় সিবিআই-এর চিঠি ঘিরে শোরগোল পড়েছে। এই চিঠি আদৌ কেন্দ্রীয় সংস্থা পাঠিয়েছে, নাকি এটি ভুয়ো, তা নিয়ে ধন্দে রয়েছেন খোদ পুরপ্রধান। পুরসভা তাই পাল্টা চিঠি দিতে চলেছে সিবিআই-কেই! কিন্তু এই চিঠি কীসের, কেনই বা এল কোন্নগর পুরসভায়?
পুরপ্রধান স্বপন দাস জানিয়েছেন, গত ১৭ তারিখ পোস্ট অফিস মারফৎ একটি চিঠি আসে পুরসভায়। সিবিআই সেই চিঠি পাঠিয়েছে বলে উল্লেখ রয়েছে। চিঠিতে 'সিন্ডিকেটরাজ'-এর তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই রিপোর্ট চেয়েছে সিবিআই। কিন্তু ধন্দ তখন বেড়েছে যখন পুরসভা জানতে পেরেছে এমন কোনও চিঠি উত্তরপাড়া থানায় আসেনি।
সিবিআই-এর চিঠিতে উল্লেখ রয়েছে সুভাষচন্দ্র ভাদুড়ি, ওরফে বাপ্পা ও তার দলবল নির্মাণ সামগ্রী নিয়ে 'সিন্ডিকেটরাজ' চালাচ্ছে। গোপন সূত্রে সিবিআই তাই জানতে পেরেছে। এই প্রেক্ষিতে পুরসভাকে তদন্ত করে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে। চিঠিতে 'সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন'-এর স্ট্যাম্পও লাগানো এবং চিঠির শেষে লেখা আছে এটিকে 'ফরওয়ার্ড' করা হয়েছে উত্তরপাড়া থানায়। তবে থানার আইসি জানিয়েছেন, এমন কোনও চিঠি তাঁদের কাছে আসেনি।
পুরপ্রধানের বক্তব্য, যদি এই চিঠি সত্যি হয় তাহলেও পুরসভার এক্তিয়ার নেই এই ধরনের বিষয়ের তদন্ত করার। তবে তাঁরা মনে করছেন, এই চিঠি ভুয়ো। কারণ চিঠিতে যে ফোন নম্বর দেওয়া আছে তাতে ফোন করলে কেউ ফোন তোলেননি। চিঠির সত্যতা জানতে সিবিআই অফিসে পাল্টা চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বপন দাস।