
ধৃত সিভিক ভলান্টিয়ার কিশোর রায়।
শেষ আপডেট: 29 August 2024 23:41
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে খুন ও ধর্ষণের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। এমন আবহে আরও এক গুণধর সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি সামনে এল। ব্রাউন সুগার সেবনের অভিযোগে ওই সিভিক ভলান্টিয়ারকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করল জলপাইগুড়ির বানারহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম কিশোর রায়। কিশোর বানারহাট থানারই সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিল। তার কাছ থেকে দেড় গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। জেলা পুলিশের দাবি, ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল। যে কারণে গত ১৬ অগস্ট থেকে তাকে ডিউটি থেকে বসিয়েও দেওয়া হয়েছিল।
কীভাবে এই সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি সামনে এল?
পুলিশ সূত্রে খবর, বানারহাট থেকে জলপাইগুড়ি, প্রায় ৬৫ কিলোমিটার দূরে এসে তিস্তা পারে বালাপাড়া এলাকায় বসে ব্রাউন সুগার সেবন করছিল সিভিক ভলেন্টিয়া কিশোর। তার আচার আচরণ দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। তাঁরা চোখে চোখে রাখছিলেন। স্থানীয় বাসিন্দারা দেখেন রাস্তার পাশে ঝোপের আড়ালে গিয়ে ওই যুবক কিছু করছে। সেখানে হানা দিয়ে দেখেন, ওই যুবক ব্রাউন সুগার সেবন করছে। এরপরই যুবককে ধরে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তখনও তাঁরা জানতেন না, যে অভিযুক্ত যুবকও একজন সিভিক ভলান্টিয়ার!
এই ঘটনার মাঝেই ওই রাস্তায় আরও এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রের খবর, তার কাছ থেকেও ২০টি নেশার ট্যাবলেট পাওয়া গিয়েছে। সমীর মণ্ডল নামে ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ।
সিভিক ভলান্টিয়ারের এমন কুকর্মে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জলপাইগুড়ির স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবলু বসাক। তিনি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা করা যাদের দায়িত্ব সেই সিভিক ভলান্টিয়ার যদি নেশারী হয়, তাহলে গ্রামগঞ্জের পরিস্থিতি কতখানি ভয়াবহ হবে তা বোঝাই যাচ্ছে। আমরা এর কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।"
পুলিশের দাবি, জেরায় ব্রাউন সুগার সেবনের কথা স্বীকার করেছে সিভিক ভলান্টিয়ার কিশোর রায়। ধৃতকে আগামীকাল আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।