দ্য ওয়াল ব্যুরো: শহরের অভিজাত একটি ক্লাবে রহস্যজনক ভাবে মৃত্যু হল বিখ্যাত এক ব্যবসায়ীর! প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যাই করেছেন ৭৪ বছরের সরোবরমল ভিমসারিয়া। কিন্তু তা এখনও নিশ্চিত নয় বলেই দাবি তদন্তকারীদের। বুধবার সকালে বালিগঞ্জের একটি ক্লাবের পিছন দিকে বেসমেন্টের পার্কিং লটের সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই ব্যবসায়ীকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। শুরু হয় তদন্ত।
বালিগঞ্জ থানা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, ওই ক্লাবটির ১০ তলার ছাদের উপরে পাওয়া গিয়েছে একটি মোবাইল ফোন, মৃতের একটি ভিজিটিং কার্ড এবং একটি হাতে লেখা চিরকুট। তদন্তকারীরা প্রাথমিক ভাবে মনে করছেন, ১০ তলার উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। তবে তিনি নিজেই লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেন, নাকি কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছে, তা খতিয়ে তদন্ত করে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানিয়েছে, অন্য সব দিনের মতোই তারাচাঁদ দত্ত স্ট্রিটের বাসিন্দা সরোবরমল ভোর-ভোর ওই ক্লাবে পৌঁছন মর্নিং ওয়াকের জন্য। সেই সময়ে যে নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন ক্লাবের গেটে, তাঁর দাবি, তাঁর সঙ্গে কথাও বলেছিলেন সরোবরমল। তাঁকে একটুও অস্বাভাবিক মনে হয়নি রক্ষীর।
ক্লাবের কর্মীরা জানিয়েছেন, এর কিছু ক্ষণ পরেই, ছ'টা ১৫ নাগাদ তাঁরা একটি আওয়াজ পান ক্লাবের পিছন দিকের বেসমেন্টের পার্কিংয়ে। সেখানে গিয়েই তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সরোবরমলের পারিবারিক সূত্রের খবর, কলকাতার মাড়োয়ারি সমাজের সঙ্গে যুক্ত থাকা ওই ব্যবসায়ী শেয়ার কেনা-বেচার পাশাপাশি একাধিক ব্যবসা করতেন। ১৯৯৪ সালে তিনি কলকাতা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও হয়েছিলেন কংগ্রসের টিকিটে। এক সময়ে বোরো চেয়ারম্যানও হয়েছিলেন তিনি।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদের ইঙ্গিত রয়েছে ওই চিরকুটে। তাঁর ব্যবসায় মন্দা চলছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ চলছে পাশাপাশি। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখন তদন্ত চলছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
আরও পড়ুন...
https://www.four.suk.1wp.in/03-07-2019-districtnews-extortionist-threats-businessman-in-kolkata/