.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
শেষ আপডেট: 9 October 2024 16:00
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের বিচার চেয়ে গত শনিবার রাত থেকে ধর্মতলায় অনশনে বসেছিলেন ৬ জন জুনিয়র পড়ুয়ারা। পরে তাতে যোগ দেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোও।
সোমবার থেকে রিলে অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। এমন আবহে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অবিলম্বে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন নাগরিক সমাজের একাংশ।
সূত্রের খবর, বুধবার সকালে প্রায় ৮০ জনের স্বাক্ষর-সহ ওই চিঠি ইমেল করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকে। তাতে নাম রয়েছে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের। মানবাধিকার সংগঠন এপিডিআর এর তরফে এই চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে।
সূত্রের খবর, আরজি করের পাশাপাশি জয়নগরে শিশু খুনের ঘটনা-সহ সাম্প্রতিক একাধিক নারী নির্যাতনের প্রসহ্গ টেনে বলা হয়েছে, 'যেভাবে মহিলাদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে, তাতে সার্বিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। ডাক্তাররা বাধ্যহয়েই আমরণ অনশনে বসেছেন।'
চিঠিতে এও বলা হয়েছে, ‘ডাক্তারদের দাবি এবং অভিযোগগুলি একেবারেই যথার্থ বলে আমরা মনে করি। অনতিবিলম্বে সেগুলির সুরাহা হওয়া একান্তই প্রয়োজন। সেটা সার্বিক ভাবে নাগরিক নিরাপত্তা এবং স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষার সঙ্গেও সম্পৃক্ত।’’
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ডাক্তারদের অনশন প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিলেন মুখ্যসচিব। দ্রুত নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছিলেন। তবে নাগরিক সমাজের চিঠির ব্যাপারে নবান্নের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
এদিকে বিচারের দাবিতে বুধবার ষষ্ঠী থেকে একগুচ্ছ নতুন কর্মসূচি নিয়েছে আন্দোলনকারীরা। জানানো হয়েছে, বুধবার সকালে আরজি কর মেডিক্যালে নির্যাতিতার স্মরণে রক্তদান শিবির হবে। এরপর দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে চিকিৎসকদের ১০ দফা দাবি লেখা লিফলেট বিলি করা হবে। আন্দোলনকারীদের সঙ্গে থাকবে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তিও। উত্তর থেকে দক্ষিণ কলকাতার মণ্ডপে মণ্ডপে ঘুরবেন তাঁরা।