
শেষ আপডেট: 21 April 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর মিছিল থেকে অশান্তি ছড়াতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চলাকালীন যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ ব্যবস্থাও নিয়েছিল নির্বাচন কমিশন। এরই মধ্যে মুর্শিদাবাদে রামনবমীর দিন অশান্তির বিভিন্ন ঘটনা প্রকাশ্যে আসে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয় বলে অভিযোগ। এবার সেই ঘটনার তদন্তে নামল সিআইডি।
মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় মামলা রুজু করেছে সিআইডি। বেলডাঙা, শক্তিপুর সহ ১৩টি মামলা রুজু হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলির তদন্তে নেমেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা। সিআইডি সূত্রের খবর, মুর্শিদাবাদে তেরোটি মামলায় পৃথক-পৃথক ক্ষেত্রে এফআইআর করবে সিআইডি। সেই ভিত্তিতেই শুরু হবে তদন্ত।
রামনবমীর দিন ফের উত্তপ্ত হয় রেজিনগর বিধানসভার শক্তিপুর থানা। এক দল দুস্কৃতীর বিরুদ্ধে রামনবমীর মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। শুধু তাই নয়, শক্তিপুরের পাশাপাশি মাণিক্যহার এলাকাতেও চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়ির ছাদ থেকে মিছিলকে লক্ষ করে হামলা চালানো হয় বলে অভিযোগ।
মুর্শিদাবাদে রামনবমীতে অশান্তির ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তাঁদেরকে হাসপাতালে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকেও। অশান্তির ঘটনায় এনআইএ-র তদন্তের দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
উল্লেখ্য, মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙা থানার ওসির বিরুদ্ধে রামনবমীতে অশান্তি ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠে। ওই দুই ওসিকে দায়িত্ব থেকে বহিষ্কার করে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছিলেন মুুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সংশ্লিষ্ট দুটি থানায় ওসি নিয়োগ করল কমিশন। কমিশন সূত্রের খবর, শক্তিপুর থানার নতুন ওসি হয়েছেন বিশ্বজিৎ হালদার এবং বেলডাঙায় শামসের আলি। অন্যদিক, মুর্শিদাবাদ থানায় সাব ইন্সপেক্টর পদে ছিলেন বিশ্বজিৎ হালদার, আর বীরভূমের কোর্ট ইন্সপেক্টর পদে ছিলেন শামসের আলি। শনিবারই দায়িত্বভার গ্রহণ করেছেন তাঁরা।