
Seikh Shajahan
শেষ আপডেট: 6 March 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ মঙ্গলবারই দিয়েছিল আদালত। কিন্তু সেদিন শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেয়নি সিআইডি। পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তো বটেই, সুপ্রিম কোর্টেও ধাক্কা খায় রাজ্য। স্পষ্ট নির্দেশ আসে, শাহজাহানকে সিবিআই-এর হাতেই তুলে দিতে হবে। সেই মতো বুধবার শাহজাহানের হস্তান্তর সম্পন্ন হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যেও শাহজাহানকে হাতে না পেয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। তারই মাঝে বুধবার বিকেলে শাহজাহানকে নিয়ে সিআইডির টিম পৌঁছয় এসএসকেএম হাসপাতালেও। অনেক জটিলতা শেষে সিবিআই তাকে হাতে পেয়েছে। স্বাভাবিকভাবেই সিআইডির ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু তাঁদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, সব প্রক্রিয়ায় আদালতের নির্দেশ মেনে হয়েছে।
— CID West Bengal (@CIDWestBengal) March 6, 2024
শাহজাহান গ্রেফতার হওয়ার পরে তদন্ত নিজেদের হাতে নিয়েছিল সিআইডি। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। কিন্তু সিআইডি কর্তারা জানিয়ে দেন, এ ব্যাপারে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে। তাই শাহজাহানকে হস্তান্তর করা যাবে না। তবে পরে শীর্ষ আদালতও জানিয়ে দেয়, এ ব্যাপারে তারা কোনও হস্তক্ষেপ করবে না। এবং নির্দেশ আসে বুধবার বিকেল সওয়া চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। অনেক টালবাহানার পর শেষে হস্তান্তরের সমস্ত কাগজপত্রে তৈরি করার পরে সিবিআইয়ের হাতে শাহজাহানকে তুলে দেয় সিআইডি।
গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকরা সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হন। সেই দিন থেকে নিখোঁজ ছিল শাহজাহান। তার বিরুদ্ধে তারপর থেকে একাধিক অভিযোগ উঠতে থাকে। খুন, ধর্ষণ, জমি লুঠ, ফসলি জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি করা, লিজ নিয়ে লিজের টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে। আপাতত এখন থেকে সিবিআইয়ের হেফাজতেই থাকবেন শাহজাহান। মনে করা হচ্ছে, একাধিক মামলায় শাহজাহানকে জেরা করতে সিবিআইয়ের সঙ্গে সংযুক্ত হতে পারে ইডিও।