
শেষ আপডেট: 1 March 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: এবার ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে তলব করল সিআইডি। ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টরকে নোটিস পাঠিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা ।
সন্দেশখালির ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে সিআরপিসির ১৬০ ধারায় ইডির ডেপুটি ডিরেক্টরকে সিআইডির অফিসে ডাকা হয়েছে। আগামী ৩ মার্চ সকাল ১১ টায় তাঁকে কলকাতায় ভবানী ভবনে আসতে হবে।
সিআইডি সূত্রের খবর, ইডির ডেপুটি ডিরেক্টরের থেকে নির্দিষ্ট কিছু তথ্য খুঁজছে রাজ্যের গোয়েন্দা সংস্থা। ইডির উপর হামলার দিন ঠিক কী ঘটেছিল তা বিশদে জানতে চায় তদন্তকারীরা। মূলত শাহজাহানের বিরুদ্ধে ইডির অভিযোগের ভিত্তিতেই ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে চাইছে সিআইডি।
একইসঙ্গে ওই দিনের ঘটনার প্রেক্ষিতে ইডির কাছে যে নথি আছে তা সিআইডি দফতরে নিয়ে আসতে বলা হয়েছে। সিআরপিসির ৯১ ধারায় ইডির পদস্থ আধিকারিককে অভিযোগ সংক্রান্ত বেশ কিছু নথি নিয়েও হাজিরার বিষয়ে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন ইডির অফিসাররা। শাহজাহান অনুগামীদের হামলায় আহত হন তিন ইডি আধিকারিক। এরপরই নিখোঁজ হয়ে যান সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। অবশেষে ৫৬ দিন পর শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তদন্তভার সিআইডি নেওয়ার পরই শাহজাহানকে বৃহস্পতিবার দুপুরে ভবানীভবনে নিয়ে যাওয়া হয়। এবার তদন্তের অগ্রগতির জন্যই ইডির ডেপুটি ডিরেক্টরকে তলব করল সিআইডি। উল্লেখ্য, সন্দেশখালিতে গিয়ে ইডির অফিসাররা আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযোগকারী হিসেবে রয়েছেন ইডির ডেপুটি ডিরেক্টর।