দ্য ওয়াল ব্যুরো: আলো ঝলমলে এক সোয়েটার। কিন্তু কাছে এলেই দেবে শক! সেন্সর দেওয়া এই সোয়েটার পরা কোনও ব্যক্তির ৬ ফুটের মধ্যে কেউ এলেই বেজে উঠবে সাইরেন। জ্বলে উঠবে আলোও। সামাজিক দূরত্ব বজায় রাখতেই ক্রিসমাসের আগে এমন সোয়েটার লঞ্চ করে চমকে দিল এক কোম্পানি। সেই ছবিই পোস্ট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। মুহূর্তে ভাইরাল সোয়েটারের ছবি। সেই সঙ্গে শোনা যাচ্ছে, চাহিদাও বাড়ছে এর।
করোনা আবহে আমূল পরিবর্তন এসেছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। ভাইরাসের সংক্রমণ রুখতে ডাক্তাররা প্রথমেই মাস্ক ব্যবহার করতে বলেছিলেন। সেই মাস্কেও এসেছে বহু পরিবর্তন। এমনকি সারা বিশ্বে নামী-দামি কোম্পানিগুলো হিরে-জহরত খচিত মাস্ক এনেও চমকে দিয়েছে সকলকে। তবে শীতকালে সোয়েটারের এমন পরিবর্তন আগে কেউ আশা করেননি। স্বাভাবিকভাবেই চমকে গেছেন ফ্যাশন উৎসাহীরা।
দেখতে দেখতে শেষ হতে চলল এক দুর্বিষহ বছর। দু'দিন পরেই ক্রিসমাস। তবে অন্যান্য উৎসবের তুলনায় এবার বেশিরভাগ মানুষকেই ক্রিসমাস উদযাপন করতে দেখা যাবে বেশি। কারণ করোনা আবহে দীর্ঘদিন গৃহবন্দি থাকার পরে এখন বাইরে বেরোনোর অনুমতি পেয়েছেন সকলেই। বাড়ির বাইরে বেরিয়ে পড়শি রাজ্যেও ঘুরতে যাচ্ছেন অনেকে। স্বাভাবিকভাবেই ভিড়-ভাট্টা যে হবেই, সেটা আন্দাজও করতে পারছেন কেউ কেউ।
শীতকালের সবচেয়ে বড় উৎসবে সামিল হলেও সামাজিক দূরত্ব বজায় রাখাটা জরুরি মনে করছে এই সোয়েটার নির্মাতা কোম্পানি। তাই তারা এমনই এক অভিনব জিনিস নিয়ে এল, যাতে চাইলেও কেউ আইন আমান্য করতে না পারেন। সেই কোম্পানি থেকেই টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। দেখানো হয়েছে নিজেরাই বাড়িতে কীভাবে এমন সোয়েটার বানাবেন। সেই ভিডিও রিপোস্ট করেছেন হর্ষ গোয়েঙ্কা। বলাই বাহুল্য মুহূর্তে নজর কেড়েছে এই সোয়েটার।
ইতিমধ্যেই ব্রিটেনে নতুন প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। ক্রিসমাসের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিটেনগামী সমস্ত বিমান। এমনকি এই উৎসবেও সেখানকার মানুষদের বাড়ির বাইরে বেরোনোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ভাইরাস এখনও পর্যন্ত দেশে ঢুকতে পারেনি। ফলে ক্রিসমাসের মধ্যে এখনও ভয়ের কোনও কারণ নেই। তবুও সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতেই পালন করা উচিত বলে জানান হয়েছে।