অভিযোগ উঠেছে, জেসিবি নামের ওই নেতাই সেই সালিশি সভার নাম দেয় ‘ইনসাফ সভা’। সেই সভাতেই ঘটে এই ভয়ানক 'তালিবানি শাসন'। তরুণ-তরুণীকে মাটিতে ফেলে, একগোছা কঞ্চি দিয়ে রীতিমতো সপাটে মারতে থাকে সে। দেখা যায়, তরুণীকে রাস্তায় ফেলে তাঁর পশ্চাতদেশে, বগলে একের পর এক সপাং সপাং করে চালানো হয় কঞ্চি। তিনি চিৎকার করে গড়াগড়ি খাচ্ছেন রাস্তায়। পাশেই পড়ে এক যুবক, তাঁকেও মারা হয়ে ওই একই ভাবে। এক মহিলাকে এগিয়ে আসতে দেখা যায়, ছেলে-মেয়েদুটিকে বাঁচানোর জন্য। কিন্তু তাঁকে অগ্রাহ্য করেই চলতে থাকে মারের পর মার।
এই ভিডিও পোস্ট করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লেখেন, 'সালিশি সভার নাম করে, অপরাধের বিচার করে শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা। তার ডাকনাম জেসিবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এ ভাবেই বিচার ব্যবস্থা গুঁড়িয়ে যাচ্ছে চোপড়ায়।’ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও এই ভিডিও শেয়ার করে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার ভয়ানক অবস্থা।... প্রত্যেক গ্রামেই সন্দেশখালি রয়েছে।’


