
শেষ আপডেট: 6 March 2023 10:28
দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক প্রজ্ঞা তো রয়েছেই, সঙ্গে উপরি পাওনা সুদর্শন চেহারা আর ঝরঝরে ইংরেজি। আর তাতেই কংগ্রেস নেতা শশী তারুরের (Shashi Tharoor) উপর রীতিমতো ফিদা মহিলারা। নিন্দকে বলেন, তাঁর ইংরেজি শুনে বুঝতে গেলে অভিধান খুলতে হয়। যদিও মহিলাদের দাবি, সেটাই নাকি বর্ষীয়ান কংগ্রেস নেতার ইউএসপি। রাজনৈতিক মত নির্বিশেষে তারুরের বুদ্ধি, কঠিন ইংরেজি আর 'লুক'-এর ফ্যান দেশজুড়ে মহিলারা। সম্প্রতি তেমনই এক মহিলা ফ্যান শশীকে প্রশ্ন করেছিলেন, একসঙ্গে তিনি কীভাবে এত প্রাজ্ঞ এবং সুপুরুষ হতে পারেন? তাঁর প্রশ্নের জবাবে বর্ষীয়ান কংগ্রেস নেতা যা বলেছেন, তাতে তাঁর প্রতি মুগ্ধতাবোধ বাড়বে বই কমবে না! শশীর অসামান্য রসবোধেরও প্রমাণ রয়েছে তাঁরই পোস্ট করা একটি ভিডিওতে।
বিধানসভা নির্বাচনের আগে প্রচারের জন্য নাগাল্যান্ডে (Nagaland) গিয়েছিলেন তারুর। সেখানেই এক তরুণী নিজেকে শশীর অন্যতম বড় ভক্ত বলে দাবি করে তাঁর প্রতি একটি প্রশ্ন রাখেন। তারুর নিজেই টুইটারে শেয়ার করেছেন তাঁর এবং তরুণীর কথোপকথনের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, শশীর রূপের প্রশংসা করে তাঁর প্রতি তরুণীর প্রশ্ন, 'দয়া করে বুঝিয়ে বলুন, কেউ কীভাবে একই সঙ্গে এমন আশ্চর্যজনকভাবে সুন্দর, ক্যারিশম্যাটিক এবং আরও অবিশ্বাস্যভাবে দুর্দান্ত এবং বুদ্ধিমান হতে পারে!'
অনুরাগীর প্রশ্ন শুনেই হাসিতে ফেটে পড়েন তারুর। তারপর তরুণীকে ধন্যবাদ দিয়ে শশীর সরস জবাব, 'এমন কিছু জিনিস আছে যেখানে কারও হাত থাকে না। এবং আরও কিছু জিনিস আছে যেগুলো আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। সত্যি বলতে এই ব্যাপারে একটাই জিনিস আমি বলতে পারি-বিচক্ষণতার সঙ্গে নিজের মা-বাবাকে বেছে নিন (Choose parents wisely)। এটা পুরোটাই জিনগত ব্যাপার।'
https://twitter.com/ShashiTharoor/status/1632556028905799680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1632556028905799680%7Ctwgr%5E3db52e0bcc8cea1c8f84e673a7fb9b7e3660e0ef%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Findia%2Fchoose-parents-wisely-shashi-tharoors-hilarious-reply-to-nagaland-girl-goes-viral-watch-article-98440523
স্বভাবতই, শশীর এই মন্তব্যে হাসির রোল নেটপাড়ায়। নেটিজেনদের বেশিরভাগই কংগ্রেস নেতার রসবোধের প্রশংসায় পঞ্চমুখ। তারুর আরও জানিয়েছেন, নিজের রূপের উপর কারও নিয়ন্ত্রণ না থাকলেও এমন অনেক জিনিসই রয়েছে, যেগুলি অনুশীলনের মাধ্যমে উন্নত হতে পারে। তিনি জানিয়েছেন, ছোট থেকেই বই পড়ার অভ্যাস তাঁর। 'আমার মনে হয় আমি অনেক কিছুই জানি কারন আমি যা পড়াশুনা করেছি তার বেশিরভাগটাই আমার মনে গেঁথে গেছে। আমি এটা বলতে গর্ববোধ করি যে, অপরিচিত মানুষদের সামনে, দর্শকদের সামনে কথা বলা সব সময় খুব সহজ হয় না। কিন্তু যখন আপনি এটা বারবার করবেন, তখন আপনার আত্মবিশ্বাস তৈরি হবে। বিশেষ করে যখন আপনি জানবেন যে আপনার ধারণা পরিষ্কার, আর সেটাই আপনাকে সকলের সামনে বলতে হবে, তখন সেই কাজটা সহজ হয়ে যায়।'
অভ্যাসের গুরুত্ব বোঝাতে গিয়ে শশীর দাবি, বাড়িতে বসে আয়নার সামনে দাঁড়িয়ে অভ্যাস করলেই হবে না, বাস্তবে মানুষের সামনে গিয়ে কথা বলতে হবে, তবেই আত্মবিশ্বাস বাড়বে। তাতে কখনও কখনও হয়তো ভুল হবে, লজ্জায় লাল হয়ে যাবে গাল। কিন্তু দিনের শেষে তাতে উপকার হবে। 'কিছু জিনিস আপনাকে অভ্যাসের মাধ্যমে উন্নত করতে হবে। আর কিছু জিনিস ঈশ্বর প্রদত্ত, তার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ দিতে হয়,' সহাস্য জবাব শশীর।
আমার মুন্ডু কেটে নিন, এর চেয়ে বেশি ডিএ পাবেন না: সরকারি কর্মচারীদের উদ্দেশে মমতা