
শেষ আপডেট: 25 November 2023 12:32
দ্য ওয়াল ব্যুরো: চিৎপুরে পুলিশ কিয়স্কের অদূরে এক এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় দিনে দুপুরে নেশার রমরমা কারবার চলে। সব জেনেও পুলিশ কোনও পদক্ষেপ না করায় সমাজ বিরোধী কার্যকলাপ বাড়ছে। তারই জেরে এই খুনের ঘটনা।
অবিলম্বে অভিযান চালিয়ে নেশার ঠেকগুলি ভেঙে ফেলার দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগ এলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়। মাঝেমধ্যে অভিযানও চালানো হয়। তাই পুলিশি মদতে নেশার রমরমা কারবারের অভিযোগ ঠিক নয়।
শুক্রবার সকালে উত্তর কলকাতার চিৎপুরে পুলিশের কিয়স্ক থেকে মাত্র ২০০ মিটার দূরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। নিহতের নাম শেখ দুলারা (২৯)। তাঁর বাড়ি কাশীপুরে। শুক্রবার চিৎপুরের কেএল দাস রোডে তাঁকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সারা দেহে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন। খবর পেয়ে পুলিশ আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শেখ দুলারার ভাই শনিবার অভিযোগ করেছেন, ঘটনার নেপথ্যে রয়েছে শিবু নামে এলাকার এক দুষ্কৃতী। কিছুদিন আগে শিবু তাকে মারধর করেছিল। বদলা নিয়েছিল দাদা শেখ দুলারা। সেকারণেই শিবু দুলারাকে খুন করেছে বলে পুলিশের কাছে সে দাবি করেছে। যদিও স্থানীয়দের একাংশের দাবি, চুরির টাকার ভাগকে ঘিরেই গোলমালে জড়িয়েছিল শিবু ও দুলারা। তারই জেরে এই খুন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই যুবককে আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চুরির ভাগের টাকার গোলমালকে ঘিরেই এই খুন। বাসিন্দাদের অভিযোগ, দিনভর এলাকায় নেশা করে কিছু ছেলে। নেশার টাকা জোগাড় করতে তাঁদের একাংশ চুরি, ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। পুলিশি তৎপরতার দাবি জানিয়েছেন স্থানীয়রা।