
কুণাল ঘোষ ও আইনজীবী, রবীন্দ্র ঘোষ
শেষ আপডেট: 31 December 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ৩০ নভেম্বর থেকে জেলবন্দি বাংলাদেশের সংখ্যালঘু নেতা, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও কোনও সদুত্তর না পেয়ে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আর্জি জানালেন চিন্ময়কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষ।
এ ব্যাপারে গত শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষকে ফোন করেছিলেন প্রবীন আইনজীবী। এদিন তাঁর সঙ্গে দেখা করেন কুণাল। পরে রবীন্দ্রনাথবাবুকে পাশে নিয়ে কুণাল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন, বাংলাদেশের ঘটনায় আমরা উদ্বিগ্ন। কিন্তু আমরা তো আলাদা রাষ্ট্রের বিষয়ে কিছু করতে পারি না। এক্ষেত্রে কেন্দ্র যা করবে রাজ্য তাতে সমর্থন করবে।"
এ প্রসঙ্গে কেন্দ্রকেও এক হাত নিয়েছেন কুণাল, "ওনারা হিন্দুত্ব নিয়ে কথা বলবেন, চিন্ময়কৃষ্ণর হয়ে কথা বলবেন, কিন্তু ওনার আইনজীবী সাহায্য চাইলে কোনও জবাব দেবেন না, এটাই তো বিজেপির কালচার। মনে রাখতে হবে, বাংলাদেশের সবাই ভারত বিরোধী নই। তাই প্রতিবেশী দেশ হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত।"
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়ার কারণে সম্প্রতি বাংলাদেশে রবীন্দ্রনাথবাবুর ওপর এবং তাঁর বাড়িতে হামলাও হয়েছে। এদেশে থাকেন তাঁর ছেলে। শা্রীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বেশ কিছুদিন এদেশে রয়েছেন রবীন্দ্রনাথবাবু। তিনি বলেন, "নিউরোজিক্যাল সমস্যা রয়েছে। এছাড়়াও হাঁটু এবং হার্টের সমস্যা রয়েছে। ২ তারিখ চিন্ময়কৃষ্ণর মামলা রয়েছে। নিজে যেতে না পারলে অন্য আইনজীবীর ব্যবস্থা করব। কিন্তু ওরা (ইউনুস সরকার) তো আমাদের আইনজীবীকে আদালত পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না। সারা দেশ দেখছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কী ধরনের অত্যাচার হচ্ছে।"
তিনি এও বলেন, "প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছে সাহায্য চাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার চিঠিও দিয়েছি। কোনও সদুত্তর পাইনি। তাই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।"
সূত্রের খবর, কুণাল চিন্ময়কৃ্ষ্ণর আইনজীবীকে বোঝান, যে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মুখ্যমন্ত্রীর ক্ষমতা সীমিত। যেহেতু এটি আর একটি দেশের বিষয, তাই এ ব্যাপারে যা পদক্ষেপ করার কেন্দ্রকেই করতে হবে। রাজ্যের এ ব্যাপারে কিছু করার নেই। পরে কুণাল বলেন, "বাংলাদেশে তো এ রাজ্যের পুলিশ গিয়ে কিছু করতে পারবে না, যেটা করতে হবে সেটা কেন্দ্রকেই করতে হবে।"