
শেষ আপডেট: 28 February 2023 17:35
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে উঠে আসার দিনই চিনা কমিউনিস্ট পার্টির (CCP) হুঁশিয়ারির মুখে পড়লেন টেসলা সিইও ইলন মাস্ক (Elon Musk)। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে আমেরিকার শক্তি মন্ত্রকের নতুন রিপোর্ট শেয়ার করা নিয়ে তাঁকে সতর্ক করেছে সিসিপি। যদিও এর পাল্টা এখনও মুখ খোলেননি মাস্ক।
উল্লেখ্য, চিনা (China) গবেষণাগার থেকেই করোনা ভাইরাস (Covid 19) ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে, এই অভিযোগ নতুন নয়। আগেও বহু বার এ কথা বলা হয়েছে। তবে নিশ্চিত হয়ে কেউই এতদিন একথা বলতে পারেনি। বরং বিষয়টি নিয়ে বরাবরই দ্বিধাবিভক্ত ছিল বিশেষজ্ঞ মহল। কিন্তু নতুন রিপোর্টে আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলেই জানা গিয়েছে।
ঠিক কী লেখা রয়েছে রিপোর্টে?
সেই রিপোর্টে আমেরিকার শক্তি মন্ত্রক জানিয়েছে, ইচ্ছাকৃত ভাবে নয়, কোনও দুর্ঘটনার জেরেই ভাইরাসটি চিনা গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছিল। এই রিপোর্টকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের যথেষ্ট বিশ্বাসযোগ্যতা রয়েছে। আমেরিকান মন্ত্রক ও ফেডেরাল বুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই, দু’পক্ষই আলাদা ভাবে একথা জানিয়েছে।
এদিন সেই রিপোর্টই শেয়ার করেন টুইটার সিইও ইলন মাস্ক। মঙ্গলবারই তিনি ফের বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন। এরপর থেকে খোশমেজাজেই ছিলেন তিনি। কিন্তু তারমধ্যেই চিনা কমিউনিস্ট পার্টির সতর্কবাণীর মুখে পড়েন তিনি।
তাঁর উদ্দেশ্যে বলা হয়, "যে হাত আপনার মুখে খাবার তুলে দিচ্ছে, আপনি সেই হাতেই কামড় বসাচ্ছেন!" উল্লেখ্য, চিনের সাংহাইতে টেসলার একটি বিশাল বড় কারখানা ক্যাম্পাস রয়েছে। চিনের সেই কারখানায় বিপুল পরিমাণ বৈদ্যুতিক গাড়ি তৈরি হয়ে বাইরে রফতানি হয়, যা গোটা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম বলে জানা গেছে। তবে চিনের এই হুঁশিয়ারির পর ইলন মাস্ক এখনও মুখ খোলেননি।
ইলন মাস্ক ফের বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন! দু’মাস আগে খুইয়েছিলেন শীর্ষ আসন