
শেষ আপডেট: 20 November 2020 18:30
আরও একটা অবাক করা ব্যাপার দেখা গেছে দৌলত বেগ ওল্ডির কাছে। এই অঞ্চলে এমনতিও চিনা বাহিনী সক্রিয় হয়ে উঠেছে। আকসাই চিনে তাদের সামরিক পরিকাঠামো তৈরি হচ্ছে, মিসাইল সিস্টেম বসছে, হেলিপ্যাড তৈরি হচ্ছে। তাই আকসাই চিন লাগোয়া দৌলত বেগ ওল্ডির কাছেও সেনা বাড়িয়েছে চিন। দেখা গেছে, দৌলত বেগের ৭০ কিলোমিটার পূর্বে কুইজিল জিলগার কাছে ৬টি নতুন বাড়ির মতো নির্মাণকাজ হয়েছে। মনে করা হচ্ছে, সেখানে অস্ত্রশস্ত্র সমেত থাকারই পরিকল্পনা করেছে লাল ফৌজ। প্রায় ১৩০ মিটার এলাকাজুড়ে এমন নির্মাণকাজ দেখা গিয়েছে।
ভারতীয় সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রায় ৩ লক্ষ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সামরিক পরিকাঠামো গড়ে তুলছে চিনের বাহিনী। অধিকৃত আকসাই চিন থেকে গোগরা-হট স্প্রিং অবধি বিস্তৃত এই সামরিক কাঠামো। আয়তনে প্রায় চারটি ফুটবলের মাঠের সমান। এখানে আর্মি ভেহিকল মোতায়েন করা হচ্ছে। মিসাইল সিস্টেম ও রাইফেল ডিভিশন তৈরি করছে পিপলস লিবারেশন আর্মি। তিব্বতের শিকুয়ানহিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে নির্মাণকার্য চালাচ্ছে চিনের, এমনটাও দেখা গেছে উপগ্রহ চিত্রে। তৈরি হচ্ছে হেলিপ্যাড। অন্তত পাঁচ হাজার সেনা ও অস্ত্রশস্ত্র মোতায়েনের মতো পরিকাঠামো তৈরি হচ্ছে ওই এলাকায়। এর আগে ওই এলাকায় এমন পরিকাঠামো দেখা যায়নি। নতুন করেই নির্মাণকাজ শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তিব্বতের হোটান এয়ারবেসে চিনের যুদ্ধবিমান ওঠানামা করতে দেখা গিয়েছে। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, আকসাই চিনের ভেতরে ৯২ কিলোমিটার এলাকাজুড়ে সেনা ক্যাম্প তৈরি হয়েছে। সেখান থেকে গালওয়ান রেঞ্জে নজর রাখছে চিনের সেনা।
শীতের আগেই চিনের সেনাদের ঠেকাতে সীমান্তে আরও বেশি সেনা মোতায়েন করেছে ভারত। প্যাঙ্গং রেঞ্জ, গোগরা, দেপসাং সমতলভূমিতে টি-৯০ ও টি-৭২ যুদ্ধট্যাঙ্কের পাশাপাশি একাধিক মিসাইল সিস্টেমও প্রস্তুত রেখেছে ভারতের বাহিনী। সীমান্তে বায়ুসেনার এয়ার ডিফেন্সও যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি। ভারতের রণকৌশল দেখে চিন তাই নতুন করে তাদের সেনা বিন্যাস শুরু করেছে। ১৫৯৭ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রশস্ত্র মোতায়েন করার কাজ চলছে।