
শেষ আপডেট: 20 April 2023 13:41
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের (Newzealand) দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি ছোট্ট শহর ওমাউই। সেখানে বন্য প্রাণী রক্ষার চেষ্টায় বিড়াল পোষার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সেই দেশেই বিড়াল শিকার প্রতিযোগিতা (tournament) বাতিল করা হল। পরিবেশপ্রেমী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদের মুখে শিশুদের (children) বিড়াল শিকার প্রতিযোগিতাটি বাতিল করা হয়।
সূত্রের খবর, সাউথ আইল্যান্ডের ক্যান্টারবেরিতে স্থানীয় একটি স্কুলের পক্ষ থেকে এই শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বছর এই প্রতিযোগিতায় কয়েকশো মানুষ অংশ নেয়, যাদের মধ্যে শিশুরাও থাকে। প্রতিযোগীরা সাধারণত বুনো শুকর, হরিণ এবং খরগোশ শিকার করে।
এবার আয়োজকরা প্রতিযোগিতায় নতুন এক বিভাগ যোগ করেছিলেন। সেই বিভাগে বলা হয়, ১৪ বছর বা তার কম বয়সি শিশুরা 'ফেরাল ক্যাট' শিকার করতে পারবে। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের শেষ পর্যন্ত যে শিশু সবচেয়ে বেশি প্রাণীটির শিকার করতে পারবে, সে জিতে নেবে আড়াইশ নিউজিল্যান্ড ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা। এই ঘোষণার পরই প্রাণী অধিকার রক্ষা কর্মীদের নিন্দার মুখে পড়েন আয়োজকেরা।
পরিবেশ কর্মীরা অভিযোগ করেন যে, আয়োজকরা শিশুদের বন্য প্রাণীহত্যায় উৎসাহিত করছেন। শিশুদের বলা হচ্ছে তারা যেন পোষা বিড়াল হত্যা না করে। বরং বেশি সংখ্যক বন্য বিড়াল শিকার করে।
প্রতিযোগিতা বাতিলের পর 'দ্য নিউজিল্যান্ডস সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু এনিমেলস' এর পক্ষ থেকে বলা হয়, প্রতিযোগিতায় শিশুদের যে বিভাগে বুনো বিড়াল গুলি করে হত্যার কথা বলা হয়েছিল সেটা বন্ধ হওয়ায় স্বস্তি মিলেছে।
প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, 'স্কুল এবং আমাদের সহযোগীদের নিরাপত্তার বিষয়টি আমাদের প্রধান অগ্রাধিকার, তাই বিরূপ প্রতিক্রিয়া এড়াতে এই বছরের জন্য এই বিভাগটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘
প্রসঙ্গত, ফেরাল ক্যাট নিউজিল্যান্ডের একটি বিশেষ প্রজাতির বিড়াল। যা কীটপতঙ্গ, স্থানীয় পাখি, বাদুড়, টিকটিকি, ইঁদুর এবং পোকামাকড়ের উপর বড় প্রভাব ফেলে।
মিষ্টি খাওয়া নিয়ে হাতাহাতি! বর বউয়ের ভাইরাল মারামারির ভিডিও দেখে হাসছেন নেটিজেনরা