
মাধ্যমিক পরীক্ষা
শেষ আপডেট: 10 February 2025 14:19
মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন। বাংলা পরীক্ষা। আর পরীক্ষা শুরু হতেই প্রসব যন্ত্রণা শুরু হল এক পরীক্ষার্থীর। স্কুলের দোতলায় সিট পড়েছিল তার। বিষয়টি বুঝতে পেরেই তড়িঘড়ি তাঁকে নীচের ঘরে নামিয়ে আনা হয়। এরপর পুলিশ ও স্কুলের কর্মীরা তাঁকে নিয়ে যান হাসপাতালে। সেখানে প্রসব যন্ত্রণা নিয়েই পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী।
কান্দির বাঘডাঙ্গা রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠের ছাত্রী সে। তার পরীক্ষার সিট পড়েছিল কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের। সোমবার সকালে বাংলা পরীক্ষা দিতে আসে ওই প্রসূতি। পরীক্ষা চলাকালীন তার প্রসব যন্ত্রণা ওঠে। ঘরে যাঁরা গার্ড দিচ্ছিলেন সেই শিক্ষিকারা বিষয়টি দেখেই স্কুল কর্তৃপক্ষকে খবর দেয়। তারপরেই কান্দি থানার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় ওই ছাত্রীকে।
কান্দি মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনও সন্তান প্রসব হয়নি তার। তবে হাসপাতালের শয্য়াতে বসেই মাধ্যমিকের বাংলা পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী। ওই ছাত্রীর মা বলেন, "আমার মেয়ে ন'মাসের অন্তঃসত্ত্বা ছিল। আজ পরীক্ষা দিতে এসে হঠাৎ তার প্রসব যন্ত্রণা ওঠে। পুলিশ আর স্কুলের দিদিমনিরা মিলে তাকে কান্দি হাসপাতালে নিয়ে যায়। এখন সেখানে বসেই ও পরীক্ষা দিচ্ছে।"
রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অদিতি সিংহ রায় বলেন, "পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ ও অসুস্থ বোধ করতে থাকে। প্রসব যন্ত্রণায় কাহিল হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই আমাদের স্টাফ ওকে নিয়ে হাসপাতালে রওনা হয়।" প্রসব যন্ত্রণা নিয়েই ওই ছাত্রী পরীক্ষা দিচ্ছে জেনে তার মনোবলের তারিফ করছেন তার স্কুল বাঘডাঙ্গা রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকারা।