
শেষ আপডেট: 7 October 2023 19:16
দ্য ওয়াল ব্যুরো: টাকার জন্য বাবা-মায়ের সন্তান বিক্রির ঘটনায় বেশ কয়েকদিন আগেই তোলাপাড় হয়েছিল রাজ্য। এবার ফের রাজ্যে শিশু বিক্রির অভিযোগ সামনে এসেছে। ঘটনাটিতে অভিযোগের আঙুল উঠেছে এক আত্মীয়র বিরুদ্ধে। খবর দেওয়া হয়েছে পুলিশে। নিঁখোজ শিশুটির খোঁজ করছে ডোমজুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বানিয়ারার বাসিন্দা মেহেনুর বেগম এবং মোকারিম মল্লিকের ছেলে রোহন। শুক্রবার থেকে তাঁদের পাঁচ বছরের সন্তান নিঁখোজ। শিশুর পরিবারের অভিযোগ, তাঁদের এক আত্মীয় রোহনকে আপহরণ করে বিক্রি করে দিয়েছে। ঘটনাটিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ।
শিশুর মা মেহেনুর বেগমের অভিযোগ, তাঁর ভাসুরের ছেলে শাহ আলম মল্লিক এই ঘটনার সাথে জড়িত। হুগলীর জাঙ্গিপাড়ার বাসিন্দা শাহ আলম গতকাল হাওড়ার বেনিয়ারাতে এসেছিলেন। ছোট্ট রোহনকে তার সঙ্গেই শেষবার দেখা গিয়েছিল। একই অভিযোগ করেছেন শিশুটির বাবাও। মোকারিম মল্লিক জানিয়েছেন, অভিযুক্ত শাহ আলম কেরলে রাজমিস্ত্রির কাজ করতো। গত দু মাস আগে তিনি বাড়ি ফিরে আসেন। বর্তমানে কোনও কাজের সংস্থান নেই তার। তাই ওই আত্মীয় টাকার জন্য রোহনকে অপহরণ করে বিক্রি করে দিয়েছেন বলেই অভিযোগ মোকারিম মল্লিকের।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাটিতে অপহরণের মামলা শুরু করেছে। শিশুটির খোঁজে এলাকায় তন্নতন্ন করে খোঁজ চালাচ্ছে পুলিশ। বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির পর থেকে অভিযুক্ত পলাতক। পারিবারিক শত্রুতা নাকি অন্য কোনও কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।