দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার বিকালে এক ক্লাস টুয়ের ছাত্রীকে স্কুল থেকে আনতে গিয়ে তার দাদু শুনলেন, একটু আগেই নাকি এক 'আঙ্কল' মেয়েটিকে নিয়ে গিয়েছে। পরদিন সকালে বাড়ির কাছে এক জঙ্গল থেকে মিলল তার দেহ। সাত বছরের মেয়েটিকে ধর্ষণ করে খুন করতে চেয়েছিল এক দুষ্কৃতী। শিশুটির গলায় ও মুখে ছুরি চালিয়েছে সে। আর একটু হলে রক্তক্ষরণে মেয়েটি মারা যেত। এখন সে হাসপাতালে। ডাক্তাররা বলেছেন, অবস্থা এখনও সঙ্কটজনক। মধ্যপ্রদেশের মান্দাসরের ঘটনা।
কোনও এক অজ্ঞাত 'আঙ্কল' মেয়েটিকে ডেকে নিয়ে গিয়েছে শুনেই তার বাড়ির লোক ভয় পেয়ে যায়। তাকে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় পুলিশে খবর দেয়। স্কুলের কাছে যে সিসিটিভি বসানো ছিল, তার ছবিতে দেখা যায় মেয়েটি একজনের পিছু পিছু যাচ্ছে। পুলিশের ধারণা, দুষ্কৃতী ওই শিশুকন্যাকে বলেছিল, তার বাড়িতে কোনও বিপদ ঘটেছে। এই বলে তাকে নিয়ে গিয়েছিল নির্জনে।
গুরুতর আহত মেয়েটিকে প্রথমে মান্দাসরের হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তাকে পাঠানো হয় ইন্দোরে। চিকিৎসকরা তার শরীরে ধর্ষণের প্রমাণ পেয়েছেন।
শিশুটির ওপরে অত্যাচারের কথা জানাজানি হতেই মান্দাসরে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে রাস্তায় নেমে দুষ্কৃতীর শাস্তির দাবি জানাতে থাকেন। জনতাকে সামলানোর জন্য বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আপাতত পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে ইরফান নামে এক কুলিকে গ্রেফতার করেছে।