.jpeg)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 21 March 2025 18:08
দ্য ওয়াল ব্যুরো: হিথরো বিমানবন্দরে অদূরে (Heathrow Airport) ভয়াবহ আগুনের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফ্লাইট রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
আগামিকাল অর্থাৎ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু লন্ডনের এই বিমানবন্দরের কাছের একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জেরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত! আপাতত হিথরো থেকে বিমান ওঠা-নাম বন্ধ। বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় রয়েছে হিথরো। অগ্নিকাণ্ডের জেরে প্রায় ১৩০০ বিমান বাতিল করা হয়েছে।
জানা যাচ্ছে, দুবাই থেকে শনিবার হিথরো বিমানবন্দরে নামার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু শনিবার সেখানে বিমান চলাচল স্বাভাবিক হবে কিনা তা স্পষ্ট নয়। সেক্ষেত্রে বিকল্প কোন বিমানবন্দরে নামা যায় তা নিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করছে রাজ্য।
নবান্নের এক আধিকারিক জানান, মুখ্যমন্ত্রীর বিদেশের অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধুমাত্র যাওয়ার বিমান পরিবর্তন হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
আগামী ২২ মার্চ লন্ডন যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। সেখানে বক্তব্য রাখার কথা মমতার।
সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার পাশাপাশি শিল্প নিয়ে লন্ডনে বণিকসভার সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ তারিখ দেশে ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।