
শেষ আপডেট: 25 March 2023 15:22
দ্য ওয়াল ব্যুরো: তিনি কালো জাদু (black magic) চর্চা করেন, এমনটাই সন্দেহ ছিল আত্মীয়দের। সেই সন্দেহ ভুল প্রমাণ করার জন্য এক মহিলাকে জ্বলন্ত কয়লা (burning coal) এবং লোহার পেরেকের উপর দিয়ে হাঁটতে বাধ্য করা হল।
ঘটনাটি ঘটেছে গত ২০ মার্চ ছত্তীসগড়ের (Chhattisgarh) দুর্গ জেলার কৈলাস নগর এলাকায়। নিগ্রহিতা মহিলার নাম মমতা নিষাদ। তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর দেওর, জা এবং ননদের সন্দেহ ছিল, তিনি কালো জাদু এবং ডাকিনি বিদ্যা চর্চা করেন। ২০ তারিখ রাত্রে যখন তাঁর স্বামী বাড়িতে ছিলেন না, সেই সময় তাঁকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাঁকে প্রমাণ করতে বলা হয় তিনি কোনওভাবে কালো জাদু চর্চার সঙ্গে যুক্ত নন।
নির্যাতিতা মহিলা জানিয়েছেন, ওই তান্ত্রিক একজন নাবালক। সে এবং তাঁর শ্বশুরবাড়ির লোকজন মিলে তাঁকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে ১২ বার এবং লোহার পেরেকের উপর দিয়ে নবার হাঁটতে বাধ্য করে।
ঘটনার পর নিজের স্বামীকে ফোন করে সব কথা জানান নিগৃহীতা মহিলা। তাঁর স্বামীই খবর দেন থানায়। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পায়ের বেশ কিছু জায়গা মারাত্মকভাবে পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ এই ঘটনায় নির্যাতিতার ৩ জন আত্মীয়কে গ্রেফতার করেছে। অভিযুক্ত তান্ত্রিক নাবালক হওয়ায় তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ এবং ৩৪ ধারা এবং ছত্তীসগড় তহ্নি প্রতদ্ন নিবারণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পরীক্ষার সময় আচমকা অসুস্থ, হাসপাতালে বসেই পরীক্ষা দিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী