
শেষ আপডেট: 15 June 2022 02:56
দ্য ওয়াল ব্যুরো: ১১ বছরের ছেলেটি ভাল করে কথা বলতে পারে না, কানে শুনতেও কিছু সমস্যা রয়েছে তার। ছত্তীসগড়ে ৮০ ফুট গভীর একটি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল সে। ১০৪ ঘণ্টার চেষ্টায়, ৫০০ কর্মীর অক্লান্ত পরিশ্রমে বাচ্চাটিকে কুয়ো থেকে তুলে আনা হয়েছে। অসাধ্য সাধন হয়েছে জঞ্জগির চম্পা জেলায় (Chhattisgarh)।
ছেলেটির নাম রাহুল সাহু। গত ১০ জুন গ্রামের বাড়িতে রোজকার মতোই খেলছিল সে। খেলতে খেলতে বাড়ির পিছন দিকে কুয়োর (Borewell) কাছাকাছি চলে যায়। তারপর কখন যে কুয়োতে পড়ে যায় রাহুল, নিজেও বুঝতে পারেনি।
৮০ ফুট গভীর কুয়োর ৬০ ফুটে আটকে ছিল ছেলেটি। তাকে উদ্ধার করতে শুধু পুলিশ নয়, সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলে চলে এসেছিল ছত্তীসগড়ের সেই অখ্যাত গ্রামে। এমনকি তি দিনের মাথায় রোবোট নামানো হয়েছিল কুয়ো থেকে রাহুলকে উদ্ধার করতে। ৫০০-র বেশি কর্মী রাহুলকে কুয়ো থেকে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন। শুক্রবার সন্ধ্যায় শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে মঙ্গলবার রাতে অক্ষত অবস্থায় কুয়ো থেকে তুলে আনা হয়েছে রাহুলকে। কোনও বাচ্চা কুয়োতে পড়ে যাওয়ার পর তাকে তুলে আনার ঘটনা নতুন নয়, তবে রাহুলের ঘটনা নজির গড়েছে। এত দীর্ঘ উদ্ধারকাজ আগে কখনও হয়নি। এর আগে হরিয়ানায় এমন এক বাচ্চাকে কুয়ো থেকে তোলা হয়েছিল, তবে তাতে সময় লেগেছিল ৫০ ঘণ্টা।
শুক্রবার থেকে রাহুলের উদ্ধারকার্য পর্যালোচনা করছিল ছত্তীসগড় সরকার। মঙ্গলবার রাতে অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলেছে ভূপেশ বাঘেল প্রশাসন। মুখ্যমন্ত্রী স্বয়ং টুইট করে সফল উদ্ধারকার্যের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ছেলেটি সুস্থ আছে।