দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কের প্রতারণা ও জালিয়াতি রুখতে এবার আরও কড়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চেক ভাঙিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে এবং চেকের মাধ্যমে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এবার নতুন নিয়ম আনল তারা। শুধুমাত্র সই মেলানো নয়, এবার থেকে আরও খতিয়ে হবে পরীক্ষা। ৫০ হাজার টাকার বেশি অঙ্কের চেক কেউ ভাঙাতে গেলেই নতুন ‘পজিটিভ পে সিস্টেম’-এর মাধ্যমে চেকটি যাচাই করবে ব্যাঙ্ক।
২০২১ সালের পয়লা জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে। চেকের মাধ্যমে আর্থিক লেনদেনে জালিয়াতি বন্ধ করার জন্যই নতুন নিয়ম চালু করল আরবিআই। জানা গেছে, এই নতুন নিয়মে ব্যাঙ্ক কর্তৃপক্ষ চেকের সই মেলানোর পাশাপাশি কোনও রকম সন্দেহ হলে গ্রাহকদের থেকে আরও নানারকম তথ্য চাইতে পারে। অ্যাকাউন্ট হোল্ডারের চেকের নম্বর, তারিখ, প্রাপকের নাম, তাঁর অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্য ভেরিফাই করতে হতে পারে। সমস্ত তথ্য মিলে গেলে চেক ক্লিয়ার করে দেওয়া হবে৷
তবে তবে এই পরিষেবা নেওয়াটা গ্রাহকের উপর নির্ভর করছে, যদি তিনি চান তবেই ৫০ হাজার টাকার লেনদেন থেকে এই সুবিধা দেবে ব্যাঙ্ক। কিন্তু পাঁচ লক্ষ বা তার বেশি টাকার চেক হলে এই পজিটিভ পে সিস্টেম বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ এবার থেকে চেক জমা পড়লেই আর টাকা তোলা যাবে না। এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং-- এসবের মাধ্যমে একাধিক তথ্য যাচাই করবেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তার পরেই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হবে।
শুধু কেউ চেক ভাঙাতে গেলেই নয়, অ্যাকাউন্ট পেয়ি চেকের ক্ষেত্রেও অর্থাৎ একটি ব্যাঙ্ক থেকে আর একটি ব্যাঙ্কের চেক ভাঙানোর ট্রানজাকশন সিস্টেমে কোনও গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট দুই ব্যাঙ্কও এবার থেকে ব্যবস্থা নেবে। গ্রাহকের তরফে দেওয়া তথ্যের ভিত্তিতে যে ব্যাঙ্ক থেকে টাকা কাটা হবে তাদের যোগাযোগ করা হবে প্রাপক ব্যাঙ্কের তরফে।
জানা গেছে, নির্দিষ্ট সময়ে এসএমএস পাঠিয়ে ব্যাঙ্কের তরফে এই নতুন নিয়ম চালুর ব্যাপারে গ্রাহকদের তথ্য জানানো হবে। এছাড়াও ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের সামনে লিখিত আকারে থাকবে পজিটিভ পে সিস্টেমের সমস্ত নিয়মাবলী।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে এই নিয়ম চালু করা হয়েছে। তাদের উদ্যোগেই সমস্ত ব্যাঙ্কগুলিকে এই নিয়মের আওতায় আনা হচ্ছে।