
শেষ আপডেট: 4 January 2023 07:23
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির সুলতানপুরীতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার ছায়া এবার তামিলনাড়ুর চেন্নাইতে। রাস্তায় গর্ত (potholes) থাকায় গাড়ি থেকে পড়ে গিয়েছিলেন তরুণী। তারপরেই পিছন থেকে আসা ট্রাক পিষে দিল তাঁকে (Chennai Techie Run Over)।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার চেন্নাইয়ের মাদুরাভয়ালের কাছে। মৃতা তরুণীর নাম শোভানা (২২)। তিনি জোহো নামে একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সূত্রের খবর, নিট পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শোভানার ভাই। মঙ্গলবার স্কুটিতে চেপে ভাইকে একটি কোচিং সেন্টারে ছেড়ে আসতে গিয়েছিলেন শোভানা। সেই সময় রাস্তার একটি গর্তে ঢুকে যায় স্কুটির চাকা। সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়ে যান শোভানা ও তাঁর ভাই। পরমুহূর্তেই পিছন থেকে একটি ট্রাক এসে পিষে দেয় শোভানাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
শোভানার ভাইও ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন। তবে সে আপাতত সুস্থই রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তরুণী বা তাঁর ভাই কেউই হেলমেট পরেননি। ঘাতক ট্রাকটির চালক মোহনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গাড়ি চালানোর সময় গাফিলতির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। রাস্তার গর্তটি ইতিমধ্যেই সারিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন জোহোর সিইও শ্রীধর ভেম্বু। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য রাস্তার খারাপ হালকেই দায়ী করেছেন তিনি।
প্রকাশ্যে মহিলার গায়ে প্রস্রাব! বিমানের মধ্যেই মত্ত যুবকের কীর্তিতে শোরগোল