
শেষ আপডেট: 19 February 2023 06:10
দ্য ওয়াল ব্যুরো: ২০২২-এর সেপ্টেম্বরের পর এবছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় আফ্রিকা থেকে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনোর জঙ্গলে আনা হল চিতা (Cheetah)। সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব শনিবার চিতাগুলিকে জঙ্গলে খাঁচামুক্ত করেছেন। এবার ১২টি চিতা এসেছে কুনোতে। কিন্তু জানেন কি এদের বয়স (Age) কত! কতদিনই বা বাঁচে এরা?
প্রথম দফায় আনা চিতাগুলির বয়স ছিল ২ থেকে ৫ বছরের মধ্যে। তবে দ্বিতীয় দফার চিতাগুলির বয়সে বৈচিত্র্য রয়েছে। দু'বছর থেকে আট বছর, নানারকম বয়সের চিতা এসেছে এবার। এমনিতে আফ্রিকান চিতার বয়স ৮-১০ বছর। তাই এ কথা বলা যায় যে, দ্বিতীয় দফায় আসা বেশ কয়েকটি চিতা জীবন সায়াহ্নে এসে পৌঁছেছে।
শনিবার যে ১২টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছে, এদের মধ্যে সাতটি পুরুষ এবং পাঁচটি স্ত্রী। এদের মধ্যে সবচেয়ে কমবয়সি চিতাটির বয়স দু'বছর চারমাস। আর সবচেয়ে বৃদ্ধ চিতাটির বয়স আট বছর তিনমাস। পশু বিশেষজ্ঞেরা জানান, যে চিতাগুলি আট বছর বয়সি বা তার কাছাকাছি, তাদের আয়ু আর খুব বেশিদিন নয়। জীবনের বাকি সময়টুকু কুনোর জঙ্গলেই কাটবে দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসা অতিথিদের।
উল্লেখ্য, দ্বিতীয় দফার এই ১২টি চিতাকে ভারতীয় বায়ুসেনার বিমান আইএএফ সি-১৭-এ চাপিয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে উড়িয়ে আনা হয়েছে। এরপর সেখান থেকে বায়ুসেনার কপ্টারে চাপিয়ে কুনোর জঙ্গলে নিয়ে যাওয়া হয় চিতাগুলিকে। এরপর তাদের খাঁচামুক্ত করে জঙ্গলে ছাড়া হয়।
১২টি চিতাকে আফ্রিকা থেকে নিয়ে এল বায়ুসেনার বিমান, ছাড়া হল কুনোর জঙ্গলে, দেখুন ভিডিও