
শেষ আপডেট: 2 April 2023 09:48
দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েক আগেই নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল ৮টি চিতা (Cheetah)। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ছেড়ে দেওয়া হয়েছিল চিতাগুলিকে। কিছুদিন আগেই সেগুলির মধ্যে একটা চিতা মারা যায়। পাশাপাশি, চারটি শাবকের জন্ম দেয় অন্য একটি চিতা। ৭৫ বছর পর ভারতের মাটিতে প্রথমবার চিতা শাবকের জন্ম হল। কিন্তু দিন কয়েক কাটতে না কাটতেই বিপত্তি। এবার কুনো জাতীয় উদ্যান থেকে পালিয়ে গেল একটি চিতা। ওবান (Oban) নামের চিতাটি জাতীয় উদ্যান থেকে বেরিয়ে ২০ কিলোমিটার দূরে গ্রামে ঢুকে পড়েছে বলে জানা গেছে। আর সেই খবর চাউর হতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামটিতে।
রবিবার ওবানকে দেখা গেছে বিজয়পুরের ঝড় বরোদা গ্রামে। ওই গ্রামটি কুনো ন্যাশনাল পার্ক থেকে ২০ কিলোমিটার দূরে। এদিন চিতাটিকে গ্রামে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এরপরেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। রীতিমতো লাঠিসোটা নিয়ে জমায়েত করতে শুরু করেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দফতরকেও।
জানতে পরেই ঘটনাস্থলে ছুটে আসেন বন দফতরের কর্মীরা। ওবানকে খুঁজতে বের হন ডিভিশনাল ফরেস্ট অফিসার স্বয়ং। বিভিন্ন দল গঠন করে চিতাটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1642429366402711552?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1642429366402711552%7Ctwgr%5E9a8cd6d1802b2a4052de8e383ce3db06b1ce1eca%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fbhopal%2Fwatch-cheetah-gifted-by-namibia-ventures-into-village-20-kms-outside-kuno-national-park-rescue-ops-on
চিতাটি এখনও পর্যন্ত কাউকে আক্রমণ করেছে বলে জানা যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁরা জানিয়েছেন, ঝড় বরোদা এবং গলি পুরা গ্রামের মাঠে ঘুরে বেড়াতে দেখা গেছে ওবানকে। গ্রামে চিতা ঘুরে বেড়ানোর খবর পেয়ে প্রথমে হতবাক হয়ে যান বন দফতরের আধিকারিকরাও। তারপর জানা যায়, চিতাটি আসলে নামিবিয়া থেকে আনা ওবান।
বনকর্মীরা গ্রামবাসীদের আশ্বস্ত করে জানিয়েছেন, ওবানকে খুঁজে বের করার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব শিগগিরই তার সন্ধান পাওয়া যাবে বলে আশাবাদী তাঁরা। তবে কীভাবে ওবান কুনো জাতীয় উদ্যান থেকে বেরিয়ে পড়ল তা এখনও স্পষ্ট নয়।
প্রেমে পড়ুক পড়ুয়ারা, সন্তান আসুক ঘরে! সম্পর্কে উষ্ণতা বাড়াতে বসন্তের ছুটি দিচ্ছে এই দেশ