দ্য ওয়াল ব্যুরো : ভারতের চেয়ে নেপালে এখন পেট্রল ও ডিজেলের দাম কম। তাই সীমান্ত অঞ্চলের মানুষ দলে দলে নেপালে যাচ্ছেন। সেখানকার পেট্রল পাম্প থেকে তেল ভরে আনছেন টু হুইলার আর চার চাকার গাড়িতে। অনেকে নিয়ে যাচ্ছেন প্লাস্টিকের ক্যান। তাতে ভরে নিয়ে আসছেন তেল। সীমান্তের এপারে এসে সেই তেল বিক্রি করছেন চড়া দামে। যদিও সেই দাম ভারতে পেট্রল পাম্পের চেয়ে কম।
নেপালে পেট্রলের দাম লিটারে ভারতের থেকে ১৫ টাকা কম। ডিজেলের দাম কম ১৮ টাকা। বৃহস্পতিবার নেপালে এক লিটার পেট্রলের দাম ছিল ভারতীয় মুদ্রায় ৬৯ টাকা। ডিজেলের দাম ছিল ৫৭ টাকা ৭১ পয়সা।