
শেষ আপডেট: 16 May 2022 15:05
দ্য ওয়াল ব্যুরো: এবছর পরপর ৩৯ জনের প্রাণ কাড়ল চারধাম যাত্রা (Chardham Yatra)। তীর্থে গিয়ে বেঘোরে মৃত্যু হল পুণ্যার্থীদের। বেশি উচ্চতায় পাহাড়ি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে না পেরেই এই সমস্ত তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। উত্তরাখণ্ড সরকার (Uttarakhand) পরামর্শ দিয়েছে, শরীরে কোনও অসুস্থতা থাকলে চারধাম যাত্রার ঝুঁকি না নেওয়াই ভাল।
আরও পড়ুন: প্রথম মেট্রো তৈরির সময়ও বাড়িতে ফাটল ধরেছিল, তবে ঘরছাড়া হতে হননি কাউকে
মে মাসের শুরু থেকে চারধাম যাত্রা (Chardham Yatra) শুরু হয়েছে। কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রা শুরু হয় ৬ ও ৭ মে থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার এই মন্দির দর্শন অনেকেরই স্বপ্ন। প্রতি বছর প্রচুর মানুষ চারধাম যাত্রায় অংশ নেন। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে কঠিন এই তীর্থে এবছর মৃত্যু হল ৩৯ জনের।
চিকিৎসকদের মতে বেশি উচ্চতায় অক্সিজেনের সমস্যা তো আছেই। সেই সঙ্গে মাউন্টেন সিকনেসের শিকার হয়েছেন এই পুণ্যার্থীরা। উচ্চ রক্তচাপ, হার্টের রোগ থাকলে তাঁদের পক্ষে চারধাম যাত্রা ভয়ানক বিপদের। বিশেষজ্ঞরা বলছেন অসুস্থ শরীরে চারধাম যাত্রার প্রয়োজন নেই, একান্ত যদি যেতেই হয় বিশ্রাম নিয়ে ধীরে ধীরে যাওয়া ভাল। তাতে বিপদ কিছুটা এড়ানো যেতে পারে।
পাহাড়ে গেলে অনেকেরই শরীরে নানা সমস্যা হয়ে থাকে। শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমি বমি ভাব তো প্রায়ই হয়। এত তীর্থযাত্রীর মৃত্যুর খবর পেয়ে নড়েচড়ে বসেছে উত্তরাখণ্ড সরকার। চারধামের প্রবেশপথগুলিতে সরকারের তরফে এখন শারীরিক পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। কারও কোনও রোগ বা অসুস্থতা দেখলে আর এগোতে দেওয়া হচ্ছে না।