
শেষ আপডেট: 13 February 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সিপিএম ও বিজেপির কর্মসূচি রয়েছে দুপুরে। আঁচ বাড়ছে বসিরহাটে। সন্দেশখালি কাণ্ডে শেখ শাজাহান ও শিবু হাজরার গ্রেফতার এবং সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার আহবায়ক বিকাশ সিংহের নিঃশর্তে মুক্তির দাবিতে মঙ্গলবার পৃথকভাবে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে সিপিএম ও বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির ঘেরাও আন্দোলন কর্মসূচিতে অংশ নেবেন। সিপিআইএমের স্থানীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বেরও উপস্থিত থাকার কথা। প্রশাসনের পক্ষ থেকেও তাই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।
গোটা এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে পাঁচজনের বেশি এক জায়গায় জমায়েত নিষিদ্ধ। বসিরহাটের সংগ্রামপুরে এসপি অফিসের থেকে ৫০০ মিটার দূরে উভয় দিকেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ইছামতি নদীর ওপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ টপকে কোনওভাবেই ব্যারিকেড ভেঙে যাতে ভিতরে কেউ না ঢুকতে পারে তার জন্য প্রশাসন যথেষ্ট সক্রিয়।
এদিকে সন্দেশখালি কাণ্ডে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছেন আইনজীবীরা।কর্মবিরতি চলছে বসিরহাট মহকুমা আদালতে। সিভিল ও ক্রিমিনাল কোর্টে প্রায় ২৬০ জন আইনজীবী রয়েছেন। সোমবার জামিন পাওয়ার পর ফের নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংকে। এর কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয় শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে। এই তৎপরতা চলার সময় পুলিশ তাঁদের হেনস্থা করে বলে অভিযোগ আইনজীবীদের। মঙ্গলবার সন্দেশখালি কাণ্ডে ধৃত এই দুই নেতাকে ফের বসিরহাট আদালতে পেশ করবে পুলিশ। সব মিলিয়ে বেলা গড়াতেই সরগরম হচ্ছে বসিরহাট।