
নিজস্ব ছবি
শেষ আপডেট: 25 February 2025 16:23
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর পিপলস কো-অপারেটিভ সমবায় ব্যাঙ্কের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার। নমিনেশন তুলতে গিয়েছিলেন সিপিআইএম প্রার্থীরা। তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের মারধর করে বলে অভিযোগ। পুলিশের সামনেই মারধার করা হয়। ধস্তাধস্তি ও ঠেলাঠেলিতে একাধিক সিপিআইএম কর্মী-সমর্থক জখম হয়েছে বলে খবর।
সোমবার থেকে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পর্ব শুরু হয়েছিল। সিপিআইএমের অভিযোগ, গতকাল তারা যখন মনোনয়ন তোলার জন্য যাচ্ছিলেন, মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। আজ অর্থাৎ মঙ্গলবার বেলা ১২টা ১৫ নাগাদ তারা যখন নমিনেশন দিতে এগোচ্ছিলেন, তখন বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলের কাছে মোড় থেকে তাঁদের দিকে তৃণমূলের একাংশ তেড়ে আসে। কয়েকশো তৃণমূল সমর্থক তাদের মেরে সরিয়ে দেন বলে অভিযোগ। এরপর ধস্তাধস্তি-ঠেলাঠেলি হয়। ৩০০ মিটার পর্যন্ত ঠেলে সরিয়ে দেওয়া হয়। শোনা যায়, হুঁশিয়ারিমূলক কথাবার্তা।
সিপিআইএম প্রার্থী ও সমর্থকদের বক্তব্য, তারা ব্যাঙ্কের ধারে কাছেও ঘেঁষতে পারেননি। অভিযোগ, ব্যাঙ্কের চারপাশ ঘিরে রেখেছিল বহিরাগতরা এবং যাতে তারা মনোনয়ন তুলতে না পারেন তার জন্যই এই কাজ গতকাল থেকে শুরু হয়। এখনও পর্যন্ত একটা মনোনয়ন পত্রও তুলতে পারেননি কেউ। ৫১ জন প্রার্থী তৈরি ছিলেন। সকলেই যাচ্ছিলেন মনোনয়ন তুলতে কিন্তু আজও বাধার মুখে পড়েন। পরে পার্টি অফিসে ফিরে যান ও সেখানে গিয়ে আলাপ আলোচনা করেন পরবর্তী কী পদক্ষেপ করা হবে।
তৃণমূল এই ঘটনাটি অস্বীকার করেছে। তাদের কোনও কর্মী-সমর্থকরা এমন কাজে যুক্ত নয় বলেই দাবি করেন।
এবিষয়ে জেলা তৃণমূল মুখপত্র তথা ব্যাঙ্কটির প্রাক্তন চেয়ারম্যান সুকুমার পড়িয়া বলেন, 'স্মুথলি ইলেকশন প্রক্রিয়া চলছে। আমাদের সমর্থক আছে, মানুষ আছে আমাদের পক্ষে। তারা হাজির হয়েছেন। আমি মনোনয়নের কাজে ব্যস্ত। আমার কিছু জানা নেই। আমরা চেষ্টা করছি, আমাদের কর্মীদের বলেওছি, কোথাও কোনও অশান্তিতে জড়াবেন না।'