সূত্রের খবর, কেন্দ্রের শীর্ষ মহল ইতিমধ্যে বাংলার রাজ্যপাল বদল চূড়ান্ত করে ফেলেছে। শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
.jpeg.webp)
সিভি আনন্দ বোস।
শেষ আপডেট: 23 May 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly elections)। তার আগে বাংলার রাজ্যপাল (Governor) পদে বদল ঘটতে চলেছে বলে খবর। সূত্রের খবর, কেন্দ্রের শীর্ষ মহল ইতিমধ্যে বাংলার রাজ্যপাল বদল চূড়ান্ত করে ফেলেছে। শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
জানা যাচ্ছে সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) জায়গায় এবার বাংলার রাজ্যপাল পদে আসতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী (Bela Madhurya Trivedi)। যা থেকে পর্যবেক্ষকদের একাংশের মতে, বাংলায় এবার রাজ্যপাল পদে আইনজ্ঞকে বসিয়েই ২৬ এর বিধানসভা ভোটে যেতে চাইছে পদ্মশিবির।
কে এই বেলা মাধুর্য ত্রিবেদী? সূত্রের খবর, প্রশাসনের অন্দরে প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত বেলাদেবী। মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি গুজরাটের আইন দফতরের সচিব ছিলেন। পরে গুজরাট হাইকোর্টের বিচারপতি হন। এরপর সুপ্রিম কোর্টের। বিলকিস বানো-সহ একাধিক মামলায় তাঁকে নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। জানা যাচ্ছে, জুনে অবসরের কথা থাকলেও সময়ের আগেই অবসর গ্রহণ করেছেন।
তবে অসুস্থতা নাকি অন্য কোনও কারণে বোসকে বাংলার রাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে রাজভবন বা কেন্দ্রের তরফে অফিসিয়ালি এখনও কোনও ঘোষণা না হলেও রাজভবনের একটি সূত্রের দাবি, "বোসের বিদায় আর বেলার আগমন এখন শুধুই সময়ের অপেক্ষা।"