
শেষ আপডেট: 18 January 2024 18:51
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষা সময় এগিয়ে এসেছে ২ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষার দিন একই থাকবে বলে জানা গেছে।
নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন এ বছর ১৬ ফেব্রুয়ারি হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা ১২টা থেকে শুরু হবে বলে জানানো হয়েছিল আর শেষ হবে ৩টে বেজে ১৫ মিনিটে। তবে নতুন সময়সূচিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ১২টার বদলে সকাল ৯টা ৪৫ মিনিটে।
মাধ্যমিক পরীক্ষার সময়সূচীতেও বদল হয়েছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের কারণে পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছিল। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এ বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরুর সময় বলা হয়েছিল বেলা ১১টা ৪৫ মিনিট। তবে নবান্নের সঙ্গে পর্ষদের বৈঠকের পরে ঠিক হয়েছে, মাধ্যমিক পরীক্ষা ওই একই দিনে বেলা ১১টা ৪৫ মিনিটের বদলে শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে।
এই বিষয়ে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেছেন, "পরীক্ষা সূচি মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারে ইতিমধ্যেই ছেপে বের করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের কাছে তা পৌঁছেও গেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার এভাবে সময়সূচী পরিবর্তন সামনে থাকা পরীক্ষার্থীদের কাছে আদৌ পৌঁছবে কি? কোনও দরকার ছিল এই পরিবর্তনের? পরীক্ষার মতো সংবেদনশীল বিষয়ে পর্ষদ এবং সংসদ কর্তৃপক্ষের এত অস্থিরতা পরীক্ষার্থী মহলে উদ্বেগ তৈরি করবে। এইভাবে দুমদাম সময়সূচী বদলালে ছাত্রছাত্রীরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবে তো, শিক্ষক-শিক্ষিকারা যাঁরা দূর থেকে আসেন তাঁদের কাছেও এটা সমস্যা। তাই পর্ষদ ও সংসদের কাছে অনুরোধ রইল আগামী দিনে তাঁরা যেন এই খামখেয়ালিপনা থেকে বেরিয়ে আসে।"
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে,সময়ে বদল হলেও পরীক্ষার দিন একই থাকবে। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মূল যে সাতটি বিষয় আছে, সেই সাতটি বিষয়ের পরীক্ষা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। তারপর একদিন ছুটির পর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।