
ফাইল ছবি।
শেষ আপডেট: 24 July 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে শাসক বনাম বিরোধী বিধায়কদের বক্তব্য পাল্টা বক্তব্যে বুধবার দুপুরে তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হল বিধানসভায়।
এদিন বিধানসভার শুরুতেই বিজেপি পরিষদীয় দলের তরফে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় আলোচনা চেয়ে স্পিকারের কাছে আবেদন জানানো হয়। বিজেপি বিধায়কদের পক্ষে প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পল। এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, "রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। অথচ এনিয়ে বিধানসভায় আলোচনার কোনও জায়গা নেই। বলতে দেওয়া হচ্ছে না।"
এই সময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। প্রসঙ্গত, রাজ্যের স্বরাষ্ট্র দফতরও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে। শুভেন্দু বলেন, " মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকলে, অন্য মন্ত্রীকে দায়িত্ব দিয়ে স্বরাষ্ট্র দফতরের বিষয়ে বিধানসভায় আলোচনা করা যায়। অথচ আলোচনার কোনও পরিবেশ রাখা হচ্ছে না। আমরা বলতে উঠলেই বাধা তৈরি করা হচ্ছে।"
বিরোধী দলনেতার বক্তব্যের বিরোধিতা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা বলেন, "রাজ্যের হাত থেকে আইন শৃঙ্খলার অধিকার কেড়ে নেওয়ার জন্য কেন্দ্র তিনটি ফৌজদারী আইন লাগু করেছে। রাজ্যের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে।" একই সঙ্গে বিধানসভায় হইহট্টোগোলের পরিবেশের জন্যও বিরোধীদের দায়ী করেন চন্দ্রিমা।
এরপরই দু'তরফের বিধায়কদের স্লোগান পাল্টা স্লোগানকে ঘিরে শোরগোলের পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়। টানা প্রায় ৩০ মিনিট হইহট্টগোলের পর বিধানসভা ছেড়ে বেরিয়ে যান বিজেপির বিধায়করা। বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। পরে শুভেন্দু অভিযোগ করেন, "বিধানসভায় সোমবার প্রশ্নোত্তর পর্ব রাখার কথা। কিন্তু তা কখনও করা হয় না। আমরা আজ এই ঘটনার প্রতিবাদ জানালে পরিকল্পিতভাবে গোলমাল পাকানো হল।"