দ্য ওয়াল ব্যুরো : একসময় বিজেপির জোটসঙ্গী ছিলেন। এখন বিজেপির সঙ্গে তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নাইডুর সম্পর্ক তলানিতে থেকেছে। শুক্রবার তিনি বিজেপিকে রীতিমতো হুমকি দিয়ে বললেন, ওরা অন্ধ্রপ্রদেশকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। এই চেষ্টা যদি না থামায়, তাদের বিরাট মূল্য দিতে হবে।
অমরাবতী শহরে রাজ্যের জেলা কালেক্টরদের দুদিনের সম্মেলনে চন্দ্রবাবু বলেন, রাজ্যের নেতাদের টার্গেট করছে বিজেপি। তাঁদের বাড়িতে আয়কর দফতরের অফিসাররা হানা দিচ্ছেন।
সরাসরি কেন্দ্রের এনডিএ সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমার বিরুদ্ধে তারা কেন এত রেগে আছে জানি না। আমি তাদের কাছে আত্মসমর্পণ করিনি বলেই কি?
তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে বিগ্রহের অলঙ্কার নিয়ে বিতর্কের কথা তুলে তিনি বলেন, বিজেপি আমার ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমার বিরুদ্ধে ভাবাবেগ উস্কে দিচ্ছে । হিন্দু ভোটারদের আমার বিরোধী করে তুলতে চায়।
বিজেপি পাল্টা বলেছে, চন্দ্রবাবুর অভিযোগ হাস্যকর। তিনি ভয় পেয়ে উল্টোপাল্টা বকছেন। অন্ধ্রে টিডিপি সরকার জনপ্রিয়তা হারিয়েছে। চরম দুর্নীতিতে ডুবে গিয়েছে সরকার। মানুষ ক্ষেপে উঠেছে। সেজন্যই চন্দ্রবাবু ভয় পেয়ে গিয়েছেন।
অন্যদিকে চন্দ্রবাবু রাজ্যের আইএস ও আইপিএস অফিসারদের সতর্ক করে বলেন, রাজ্যের নানা অংশে সমাজবিরোধীরা গোলমাল করতে পারে। তাতে ভয় পাবেন না।
তাঁর কথায়, গোলমেলে লোকেরা যখন ক্ষমতায় আসে, তখন সমাজবিরোধীদের রমরমা হয়। আমাদের দেশে সিবিআই ও ইডিকে শেষ করে দেওয়া হয়েছে। একমাত্র সুপ্রিম কোর্টে গেলেই বিচার মিলতে পারে।