অনাস্থায় হাজির থাকবেন না টিডিপির-ই এক সাংসদ
দ্য ওয়াল ব্যুরো : তেলুগু দেশমের আনা অনাস্থা প্রস্তাবের ওপরে লোকসভায় ভোটাভুটি হবে শুক্রবার। তার আগে তেলুগু দেশমেরই সাংসদ জে সি দিবাকর রেড্ডি জানিয়ে দিলেন, তিনি অনাস্থাভোটে সংসদে উপস্থিত থাকবেন না। কেননা কেন্দ্রীয় সরকার ও তেলুগু দেশম উভয়ের প্
শেষ আপডেট: 19 July 2018 10:18
দ্য ওয়াল ব্যুরো : তেলুগু দেশমের আনা অনাস্থা প্রস্তাবের ওপরে লোকসভায় ভোটাভুটি হবে শুক্রবার। তার আগে তেলুগু দেশমেরই সাংসদ জে সি দিবাকর রেড্ডি জানিয়ে দিলেন, তিনি অনাস্থাভোটে সংসদে উপস্থিত থাকবেন না। কেননা কেন্দ্রীয় সরকার ও তেলুগু দেশম উভয়ের প্রতিই তিনি বীতশ্রদ্ধ।
নির্দিষ্ট সূত্রে খবর, বুধবার তেলুগু দেশম সাংসদ ওয়াই এস চোধুরি অনাস্থা প্রস্তাব আনার আগে দিবাকর রেড্ডির সঙ্গে আলোচনা করেননি। তাতেই তিনি অসন্তুষ্ট হয়েছেন। তিনি বৃহস্পতিবার বলেন, আমি সংসদের এই অধিবেশনে যোগ দেব না। আপনারা বলতে পারেন, আমি পার্টির হুইপ অমান্য করছি। আমি এখন নিজের নির্বাচন কেন্দ্রে যাব। এক সপ্তাহের মধ্যে মিডিয়ার মুখোমুখি হয়ে জানাব, কেন সংসদের অধিবেশনে যোগ দিচ্ছি না।
দিবাকর রেড্ডি এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি কংগ্রেসের হয়ে সংসদে নির্বাচিত হয়েছিলেন ছ'বার। ২০১৪ সালে তেলুগু দেশমে যোগ দেন। একবার তিনি বলেছিলেন, আমি সোনিয়া গান্ধীকে পরামর্শ দিয়েছিলাম, কোনও ব্রাহ্মণ কন্যার সঙ্গে রাহুল গান্ধীর বিয়ে দিন। তাহলে উত্তরপ্রদেশের ব্রাহ্মণরা রাহুলকে সমর্থন করবে।
গতবছর তিনি বিশাখাপত্তনম বিমান বন্দরে একটি বিমান সংস্থার কর্মীদের ধাক্কাধাক্কি করেন। তার পরে কয়েকটি বিমান সংস্থা তাঁর বিমানে ওঠা নিষিদ্ধ করে দিয়েছিল।