
শেষ আপডেট: 16 January 2023 12:03
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার কুকুরকে (Stray Dog) খাবার খাওয়াতে গিয়ে বিপদে পড়লেন এক তরুণী। অন্যান্য দিনের মতো শনিবার রাতেও বাড়ির সামনের রাস্তায় কুকুরদের খাবার দিচ্ছিলেন বছর ২৫-এর তেজাস্বিতা। কিন্তু আচমকাই একটি বেপরোয়া গাড়ি এসে চাপা দিয়ে বেরিয়ে যায় তাঁকে!
ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে (Chandigarh Accident)। গোটা দুর্ঘটনাটাই সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় মাথায় আঘাত লাগে তেজাস্বিতার। যখন তিনি কুকুরকে খাবার খাওয়াচ্ছিল তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁরা বাবা- মাও।
ভিডিওতে দেখা গেছে, রাস্তার অন্য পাশ দিয়ে একটি এসইভি গাড়ি দ্রুত গতিতে আসছিল। সামনের সিগন্যাল থেকে হঠাৎই ইউ টার্ন নেয় গাড়িটি। তারপর গাড়িটি এদিক ওদিক করতে এসে সজোরে ধাক্কা মারে তরুণীকে। রাস্তায় ছিটকে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তেজাস্বিতাকে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মাথার দু'পাশেই সেলাই পড়েছে তরুণীর। পরিবারের তরফে জানানো হয়েছে, জ্ঞান ফিরেছে, কথাও বলছে তেজাস্বিতা।
তরুণীর বাবা অজাস্বী কৌশল দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এখনও পর্যন্ত গাড়ি ও তার চালকের খোঁজ মেলেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।
ক্যাপ্টেন হওয়া হল না অঞ্জুর, ১৬ বছর আগে নেপালে এমনই বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছিল স্বামীকেও