চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটির সাংবাদিক সম্মেলন
শেষ আপডেট: 2 December 2024 18:27
দ্য ওয়াল ব্যুরো: ভারতে ক্যানসার আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। এ বছর ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালে ভারতে ক্যানসার আক্রান্তের সংখ্যা ছিল ১৪.১৩ লক্ষ, যার মধ্যে ব্রেস্ট ক্যানসারের প্রকোপ ছিল অন্যতম।
চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুরু হচ্ছে স্বাস্থ্যশিবির। যেখানে সমস্ত রকমের চিকিৎসা হবে বিনামূল্যে। সান্ধ্যকালীন এই অনুষ্ঠান চলবে চার দিন ধরে। অন্যান্য চিকিৎসার পাশাপাশি ক্যান্সারের বিভিন্ন রকমের চিকিৎসা প্রদান করা হবে এখানে।
সোমবার সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যশিবিরের কথা জানানো হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটির ডিরেক্টর প্রসেনজিৎ মিস্ত্রি, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী-সহ আরও অনেকে।
উদ্যোক্তারা বলেন, 'এখানে মানুষ যে শুধু চিকিৎসার জন্যে আসেন, তা নয়। আমাদের আসল উদ্দেশ্যই সচেতনতা বাড়ানো। ১২ ডিসেম্বর আমরা একটা র্যালি কল করব এলাকার মানুষদের নিয়ে। এই মেলাকে কেন্দ্র করে আগামী ৮ তারিখ একটা বাইক রাইডারদের নিয়ে অনুষ্ঠান হবে।' পাশাপাশি খাবারের ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়ে দিয়েছেন উদ্যোক্তারা।