
শেষ আপডেট: 3 February 2024 23:16
দ্য ওয়াল ব্যুরো: সার্ভিক্যাল বা জরায়ুমুখের ক্যানসার নিয়ে আতঙ্ক বেড়েছে। কত দ্রুত এই মারণ রোগের প্রতিষেধক দেওয়া শুরু করা যায় সে চেষ্টা চলছে। সম্প্রতি বাজেট পেশের দিনেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জরায়ুমুখের ক্যানসারের টিকাকরণের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। হাওড়া নারায়ণা হাসপাতাল তাই এখন থেকেই টিকাকরণের প্রস্তুতি শুরু করেছে।
৯ থেকে ১৪ বছর বয়সিদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যানসারের টিকা দেওয়া হবে বলে জানা গেছে হাসপাতালের তরফে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, প্রায় হাজার দুয়েক কিশোরীকে সার্ভিক্যাল ক্যানসারের টিকা দেওয়া হবে বিনামূল্যে। তাছাড়া অন্যান্য টেস্ট করাও হবে।
নারায়ণা হাসপাতালের হাওড়ার গাইনোকোলজিক অনকোলজি এবং রোবোটিক সার্জারির সিনিয়র কনসালট্যান্ট ডা. কৌস্তভ বসু বলেছেন, এ দেশের মহিলাদের সব থেকে বেশি এই ক্যানসারই হয়। আর এই ক্যানসার আগাম বোঝা মুশকিল, ধরাও পড়ে দেরিতে। ফলে চিকিৎসা শুরু হতে দেরি হয়। সার্ভিক্যাল ক্যানসার ঠেকানোর মতো কোনও প্রতিষেধক এতদিন ছিল না। দেশে প্রথম এই ধরনের ক্যানসার রুখে দেওয়ার মতো ভ্যাকসিন তৈরি হয়েছে। তাছাড়া জরায়ুমুখের ক্যানসার হচ্ছে কিনা তার প্রাথমিক শণাক্তকরণের জন্য প্যাপ স্মিয়ার ও কলপোস্কোপির মতো টেস্টগুলোর উপর জোর দেওয়ার কথাও বলেছেন তিনি।
জরায়ুমুখের ক্যানসার ঠেকাতে এইচপিভি ভ্যাকসিন তৈরি করেছে পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এই টিকার নাম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস (Quadrivalent Human Papillomavirus vaccine (qHPV)) । তিন পর্যায়ের ট্রায়ালের পরে এই টিকায় অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল।
সেরাম ইনস্টিটিউট ও কেন্দ্রীয় সরকারের নেতৃত্বীধান ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি যৌথ ভাবে এই টিকা তৈরি করেছে। ৯ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের টিকাকরণ কর্মসূচীতে অন্তর্ভুক্ত করা হবে। সেরামের একজন শীর্ষ আধিকারিক প্রকাশ কুমার সিং বলছেন, CERVAVAC ভ্যাকসিন জরায়ুমুখের ক্যানসার সারাতে ১০০০ গুণ বেশি ভাল কাজ করবে। এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াও কম বলে দাবি করেছেন সেরামের বিজ্ঞানীরা।