
শেষ আপডেট: 20 June 2022 02:50
দ্য ওয়াল ব্যুরো: সেনায় নিয়োগে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme) নিয়ে উত্তাল দেশ। এখনও পর্যন্ত এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের ১২-১৩টি রাজ্যে। তবে এই আঁচ যাতে আরও ছড়িয়ে না পড়ে তাই এবার তৎপর হল কেন্দ্র। নিষিদ্ধ (Ban) করল ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group)। ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতেই এই পদক্ষেপ।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে। পাশাপাশি, ভুল তথ্য ছড়ানো ও হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জড়িত ব্যক্তিদেরও খোঁজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ১০ জনকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো তরফে জানানো হয়েছে, তথ্য যাচাই করার কথা। তার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। অগ্নিপথের বিরোধিতায় দেশের নানা প্রান্তে বিক্ষোভের ছবি সামনে আসছে।
অগ্নিপথ-বিক্ষোভের জেরে ইতিমধ্যেই অগ্নিগর্ভ বিহার-সহ একাধিক রাজ্য। গত ১৪ জুন এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র। তার পরেই অভিযোগ ওঠে, সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ এনেছে প্রতিরক্ষা মন্ত্রক। শুরু হয় প্রতিবাদ। বিহারে ও মধ্যপ্রদেশে ব্যাপক ভাঙচুর চালায় প্রতিবাদকারীরা। পোড়ানো হয় ট্রেনও। এদিকে, সোমবার অগ্নিপথের বিরোধিতায় ভারত বনধের (Strike) ডাকও দিয়েছে একাধিক সংগঠন।
কাল ভারত বনধের ডাক, সমর্থন নেই নবান্নর, পুলিশ-প্রশাসনকে কড়া নির্দেশ দিয়ে জারি বিজ্ঞপ্তি