
শেষ আপডেট: 27 July 2023 08:09
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে বাড়ি হোক বা অন্য কোনও অনুষ্ঠান, দেদার বলিউড গান (Bollywood songs) চলে। বরযাত্রীরা হিন্দি গানে নাচতে নাচতে আসছেন, এমন ছবিও আকছার দেখা যায়। প্রশ্ন ওঠে, অনুষ্ঠানে এভাবে হিন্দি গান চালালে কপিরাইট আইনের আওতায় পড়বে কিনা। কেন্দ্র সরকারের কাছে এই নিয়ে অভিযোগও দায়েরও হয়। কিন্তু কেন্দ্র সরকার (Central Government) স্পষ্ট জানিয়ে দিল, বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে হিন্দি গান বাজানো কপিরাইট আইন (Copyright) লঙ্ঘন করে না। এর জন্য কেউ রয়্যালটি দাবি করতে পারবে না।
ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ড্রাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড একটি নোটিস জারি করেছে। সেই নোটিসেই হিন্দি গানের ওপর কপিরাইট ইস্যু উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সাধারণ মানুষ ও বিভিন্ন সংস্থার থেকে অনুষ্ঠানে হিন্দি গান চালানো নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। কপিরাইট আইন, ১৯৫৭-র বিষয়টিও উল্লেখ করা হয়েছিল অভিযোগে।
কিন্তু কেন্দ্রীয় সংস্থা সেই অভিযোগের ভিত্তিতে বিবৃতি দেয়। কপিরাইট আইন, ১৯৫৭-এর ৫২ (১) (জেডএ) ধারায় বলা হয়েছে, কোনও ধর্মীয় অনুষ্ঠানে যদি কোনও গান বা কোনও শিল্পীর সৃষ্টির সাউন্ড রেকর্ডিং বাজানো হয় তবে তা কপিরাইট লঙ্ঘন করে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধর্মীয় অনুষ্ঠানের আওতায় বিয়ের অনুষ্ঠানকেও ধরা হয়েছে। তাই কেউ যদি বিয়ের অনুষ্ঠানে হিন্দি গান বক্সে বাজান তবে সেটাকে অপরাধ হিসেবে ধরা হবে না। কেউই এর জন্য রয়্যালটি দাবি করতে পারেন না।
সুধা মূর্তি এবার সিল্কের শাড়ি নিয়ে সমালোচিত! তাঁর আমিষ-নিরামিষ মন্তব্য যেন খেপিয়ে তুলেছে ট্রোলারদের