
বরাহনগরের তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি।
শেষ আপডেট: 28 May 2024 22:16
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মধ্যেই ফের বাংলায় কেন্দ্রীয় এজেন্সি অভিযান চালাবে বলে মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবারের রোড শো শেষে পথসভা থেকে অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের ওই অভিযোগের কিছু পরেই এদিন সন্ধেতে উত্তর ২৪ পরগনার বরাহনগরে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে নাকি কাকতালীয় তা স্পষ্ট নয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
ইডি এদিন যে ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে, তাঁর সঙ্গে সরাসরি রাজনীতির কোনও যোগ রয়েছে কি না স্পষ্ট নয়। সূত্রের খবর, ওই ব্যক্তি সল্টলেকের একটি বেসরকারি সংস্থায় কর্মরত। জানা যাচ্ছে, বিহারে ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত এক মামলার তদন্তে এদিন সন্ধেতে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় এজেন্সির ৬জন অফিসার।
ইডি সূত্রের দাবি, ওই ব্যাঙ্ক জালিয়াতির সূত্র ধরে এদিন নিউটাউন ও রাজারহাটের কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সূত্রেই তদন্তকারীদের কাছে উঠে আসে বরাহনগরের ওই ব্যক্তির নাম। তারপরই সন্ধেতে ওই ব্যক্তির বাড়িতে অভিযানে নেমেছেন তদন্তকারীরা।
তবে এ ব্যাপারে ইডি এখনও অফিসিয়ালি কিছু জানায়নি। ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে খোঁজ খবর শুরু করেছেন তৃণমূল ও বিজেপির নেতারা।
প্রসঙ্গত, এদিন ডায়মন্ড হারবারের রোড শো শেষে পথসভা থেকে অভিষেকের অভিযোগ, "এক জন আয়কর কর্তা আমাকে জানিয়েছেন, যে তাঁকে ৩১ মে এবং ১ জুন পাঁচটি জায়গায় অভিযান চালাতে বলা হয়েছে।"