
শেষ আপডেট: 29 November 2023 12:31
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় হানাদারি হতে পারে ভারতের সাইবার জগতে। দেশের প্রতিরক্ষা ও আভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে আক্রমণের ছক কষেছে সাইবার হ্যাকাররা। সাম্প্রতিক অতীতে এত বড় ষড়যন্ত্রের পরিকল্পনা কখনও হয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যে কোনও মুহূর্তে দেশবাসীর সাইবার অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। তাই তাই সজাগ থাকার জন্য সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন দিল্লির সাইবার কো-অর্ডিনেশন সেন্টার (সাইকর্ড)।
চলতি মাসে স্থলসেনা, বায়ুসেনা, নৌসেনা ও কোস্টগার্ড এবং আইটিবিপি, বিএসএফ, সিআরপিএফ-এর মতো আধা সেনা সহ দেশের সব রাজ্যের সমস্ত নিরাপত্তা এজেন্সি, অ্যান্টি টেরোরিসম স্কোয়াডকে জরুরি বার্তা পাঠিয়েছে সাইকর্ড। সতর্ক করা হয়েছে বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টকে।
কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, ফিশিং লিঙ্কের মাধ্যমে ম্যালওয়্যার পাঠিয়ে প্রতিরক্ষা ও আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য হাতাতে তৎপর হয়ে উঠেছে সাইবার হ্যাকাররা। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) নামে ইমেলের মাধ্যমে পাঠানো হচ্ছে ফিশিং লিঙ্ক। এদিকে এনআইএ-র নামে ইমেল আসায় অনেকেই তাতে ক্লিক করেন। তাতেই বিপত্তি বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।
ঠিক কীভাবে সাইবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, সাইকর্ড জানিয়েছে যে এনআইএ-এর নামে ক্লোন করা একটি ফিশিং পেজ এসে ঢুকিয়ে দিচ্ছে ম্যালওয়্যার। এতে ভারতীয় সেনা, আধা সেনা এবং গোয়েন্দা এজেন্সিগুলির যাবতীয় তথ্য সাইবার হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত গোটা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ১ লক্ষ ১২ হাজার ৪৭৪ টি সাইবার সিকিউরিটি ভঙ্গ হওয়ার ঘটনা ঘটেছে। তবে তবে এবার সরাসরি দেশের নিরাপত্তার ক্ষেত্র জড়িত বলে সাইকর্ডের সতর্কতা তা যথেষ্ট উদ্বেগের। সূত্রের খবর, সেনা, আধাসেনা, বিভিন্ন নিরাপত্তা এজেন্সি, গোয়েন্দা সংস্থাগুলি নিজেদের বিভিন্ন ইউনিটে ইতিমধ্যে সাইবার অ্যাটাক সংক্রান্ত জরুরি সতর্কতা জারি করেছে।