
শেষ আপডেট: 23 September 2023 09:29
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর (Jadavpur University Student Death) ঘটনার মাস দেড়েক কেটে গেছে। এই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির গাইডলাইন অনুযায়ী, কেন ক্যাম্পাস ও হস্টেলে সিসি ক্যামেরা নেই সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অবশেষে ক্যাম্পাস ও হস্টেল সিসি ক্যামেরা বসানোর কাজ (CCTV install) শুরু হয়েছে।
যাদবপুরে যে সিসি ক্যামেরা বসানো হবে, তা আগেই জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বুদ্ধদেব সাউ এব্যাপারে সিদ্ধান্ত নেন। তার আগেই অবশ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা কোথায় কোথায় বসানো যায়, সেই নিয়ে আলোচনা চলছে।


ইউজিসির নির্দেশিকা অনুযায়ী ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর কথা। কিন্তু যাদবপুর কর্তৃপক্ষের দাবি, চেষ্টা করেও বসানো যায়নি এতদিন। বিভিন্ন সময়ে বিভিন্ন বৈঠকে সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব উঠলেও তা নিয়ে আপত্তি ওঠে। তাই শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ছাত্র মৃত্যুর পর সেই সিসি ক্যামেরা বসানোয় তৎপর হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারু মার্কেট এলাকার 'বিপজ্জনক' বাড়ি! আহত ২