
শেষ আপডেট: 15 February 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নতুন নয়। মাধ্যমিক নিয়ে অনেক কড়াকড়ি করেছে পর্ষদ। এবার উচ্চ মাধ্যমিক নিয়েও কড়া পদক্ষেপ নেওয়া হল। সংসদ জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা রাখতেই হবে। আর পরীক্ষার হলে অন্ততপক্ষে দুটি ক্যামেরা বসাতে হবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন, প্রতি পরীক্ষার হলে অন্তত দুটি সিসি ক্যামেরা রাখতে হবে। একটি হলে ঢোকার দরজায়। অপরটি প্রশ্নপত্র জমা রাখার ঘরে। এর পাশাপাশি উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে থাকছে বিশেষ সিরিয়াল নম্বর। যদিও সাধারণ ক্রমিক সংখ্যা নয় সেটি। তবে কিউআর কোড বা বারকোডের মতোই সুরক্ষা দেবে। প্রতিটি প্রশ্নের ডানদিকে উপরে এই নম্বর থাকবে।
সংসদের তরফে জানানো হয়েছে, উত্তরপত্রের একটি নিদিষ্ট জায়গায় ইউনিক নম্বরটি লিখতে হবে। সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা থাকবেন অর্থাৎ সেন্টার-ইন-চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেনু সুপারভাইসার এবং ইনভিজিলেটরদের পরীক্ষা শুরু আগেই এই বিষয়ে পরীক্ষার্থীদের বুঝিয়ে বলতে হবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষা ও জাতীয় স্তরের পরীক্ষার ক্ষেত্রে এরকম ইউনিক কোডের ব্যবহার লক্ষ্য করা যায়। এবার তা উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে রাখছে সংসদও। এবছর প্রথমবার উচ্চমাধ্যমিকে এই কোডের ব্যবহার করা হবে বলে আগেই জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার মাধ্যমিক পরীক্ষায় ‘ম্যাজিক নম্বর’ বা ইউনিক আইডির ব্যবহার হয়েছে। তার জন্য মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ভাইরালের অপকর্মে যুক্তদের চিহ্নিত করা গিয়েছে। একই প্রযুক্তির ব্যবহার হচ্ছে উচ্চ মাধ্যমিকেও।